Saturday, December 5, 2009

রাসূলুল্লাহর বিপ্লবী জীবন

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা:)-এর পবিত্র জীবনচরিত পর্যালোচনা করলে এর দু'টি বৈশিষ্ট্য সবচেয়ে বেশি প্রতিভাত হয়ে উঠে। প্রথমত, তাঁর জীবনধারার অন্ত-র্নিহিত বৈপ্লবিক আদর্শ - যার ছোঁয়ায় মানব জাতির সমাজ ও সভ্যতায় এসেছে বৈপ্লবিক রূপান্তর। দ্বিতীয়ত, সে আদর্শের সু্ষ্ঠু রূপায়নের জন্যে তাঁর নির্দেশিত বৈপ্লবিক কর্মনীতি - যার সফল অনুস্মৃতির মাধ্যমে একটি অসভ্য ও উচ্ছৃঙ্খল জনগোষ্ঠী পেয়েছিল পৃথিবীর শ্রেষ্ঠতম সভ্যতা ও সংস্কৃতির শিরোপা।

দুঃখের বিষয় যে, আজকের মুসলিম মানস থেকে বিশ্বনবীর পবিত্র জীবনচরিতের এই মৌল বৈশিষ্ট্য দু'টি প্রায় লোপ পেতে বসেছে। আজকের মুসলমানরা বিশ্বনবীর জীবন আদর্শকে দেখছে খণ্ডিত রূপে, নেহায়েত একজন সাধারণ ধর্মপ্রচারকের জীবন হিসেবে। এর ফলে তার জীবনচরিতের সমগ্র রূপটি তাদের চোখে ধরা পড়ছে না; তার জীবন আদর্শের বৈপ্লবিক তাৎপর্যও তারা উপলব্ধি করতে পারছে না। বস্তুত, আজকের মুসলিম মানসের এই ব্যর্থতা ও দীনতার ফলেই আমরা বিশ্বনবীর পবিত্র জীবনচরিত থেকে আমাদের সমাজ ও রাষ্ট্রের কোন বৈপ্লবিক রুপান্তর ঘটানোর তাগিদ অনুভব করছি না ।

"রসূলুল্লাহর বিপ্লবী জীবন" আমাদের এই কুষ্ঠাহীন উপলব্ধিরই স্বাভাবিক ফসল। বিশ্বনবীর বিশাল ও ব্যাপক জীবনের খুঁটিনাটি বিষয়াদি এ পুস্তকের উপজীব্য নয়। এর বিষয়বস্তু প্রধানত তার বৈপ্লবিক আদর্শ ও কর্মনীতি । এই বিশেষ দু'টি দিকের উপরই এতে আলোকপাত করা হয়েছে সবিস্তারে। এতে জীবনের চরিতের অন্যান্য উপাদান এসেছে শুধু প্রাসঙ্গিক বিষয় হিসেবে।

পুস্তকটির মূল কাঠামো তৈরি করেছেন ভারতের বিশিষ্ট লেখক আবু সলীম মুহাম্মদ আবদুল হাই। তার সাথে আমরা সংযোজন করেছি অনেক প্রয়োজনীয় তথ্য ও গুরুত্বপূর্ণ বিষয়। ফলে স্বভাবতই পুস্তকটির কলেবর হয়েছে মূলের তুলনায় অনেক সমপ্রসারিত। এর বর্তমান সংস্করণেও সন্নিবিষ্ট হয়েছে অনেক মূল্যবান তথ্য। পুস্তকটির বিষয়টির প্রেক্ষিতে এর বাংলা নামকরণ করেছেন আমার পরম শ্রদ্ধাভাজন মরহুম কবি ফররুখ আহমদ। এর প্রথম অধ্যায়ে উদ্ধৃত কবিতাটির বাংলা অনুবাদ করে দিয়েও তিনি আমায় চির ঋণপাশে আবদ্ধ করে গেছেন।

বর্তমান সংস্করণে পুস্তকটির অঙ্গসজ্জা ও মুদ্রণ পরিপাট্যের দিকে বিশেষ লক্ষ্য রাখা হয়েছে। কম্পিউটার কম্পোজের ফলে এ মুদ্রণই শুধু ঝকঝকে হয়নি, আগের তুলনায় এর কলেবর বৃদ্ধি পেয়েছে ১৬ পৃষ্ঠার মত। এছাড়াও পরিশিষ্ট পর্যায়ে "ইসলাম প্রচারে মহিলা সাহাবীদের ভূমিকা" শিরোনামে একটি নতুন অধ্যায়ও সংযোজিত হয়েছে এ সংস্করণে। এর ফলে পুস্তকটির সৌকার্য ও আকর্ষণ বৃদ্ধি পেয়েছে বহুগুণে। আমাদের দৃঢ় বিশ্বাস, পুস্তকটির এ সংস্করণও পাঠক সমাজে সমাদৃত হবে বিপুল ভাবে।

ইসলামী আন্দোলন ও তার অনন্য বৈশিষ্ট্য

ইসলাম তথা হযরত মুহাম্মদ (সা:)-এর পয়গাম দুনিয়ার এক বিরাট সংস্কারমূলক আন্দোলন। সৃষ্টির আদিকাল থেকে বিভিন্ন যুগে, বিভিন্ন দেশে খোদা-প্রেরিত নবীগণ এই একই আন্দোলনের পয়গাম নিয়ে এসেছেন। এ কেবল একটি আধ্যাত্নিক আন্দোলনই নয়, বরং এটি মানব জীবনের প্রতিটি দিক ও বিভাগে পরিব্যাপ্ত এক অভূতপূর্ব সংস্কার আন্দোলন। এটি একাধারে আধ্যাত্নিক, নৈতিক, সামাজিক, অর্থনীতিক ইত্যাদি সকল বৈশিষ্টের অধিকারি একটি ব্যাপক ও সর্বাত্নক আন্দোলন।মানব জীবনের কোন দিকই এ আন্দোলনের গণ্ডী-বহির্ভূত নয়।
ইসলামী আন্দোলনের গুরুত্ব

দুনিয়ার সংস্কারমূলক বা বিপ্লবাত্নক আন্দোলন বহুবারই দানা বেধে উঠেছে;কিন্তু ইসলামী আন্দোলন তার নিজস্ব ব্যাপকতা এবং অনন্য বৈশিষ্ট্যের দরুণ অন্যান্য সকল আন্দোলনের চেয়ে শ্রেষ্ঠত্বের অধিকারী।এ আন্দোলনের সাথে কিছুটা প্রাথমিক পরিচয় ঘটলেই লোকদের মনে প্রশ্ন জাগে :কিভাবে এ আন্দোলন উত্থিত হয়েছিল ?এর প্রবর্তক কিভাবে একে পেশ করেছিলেন এবং তার কি প্রতিক্রিয়া হয়েছিল?কিন্তু এ প্রশ্নগুলোর সঠিক জবাব পাওয়া গেলে শুধু ঐতিহাসিক কৌতূহলই নিবৃত হয়না, বরং এর ফলে আমাদের মানস পটে এমন একটি ব্যাপক ও পূর্ণাঙ্গ সংস্কারমূলক আন্দোলনের ছবি ভেসে উঠে, যা আজকের দিনেও মানব জীবনের প্রতিটি সমস্যার সুষ্ঠু সমাধান করতে সক্ষম।এখানেই ইসলামী আন্দোলনের আসল গুরুত্ব নিহিত।

এ আন্দোলন যেমন মানুষকে তার প্রকৃত লাভ-ক্ষতির সঠিক তাৎপর্য বাতলে দেয়,তেমনি তার মৃত্যু পরবর্তী অনন্ত জীবনের নিগূঢ় তত্ত্বও সবার সামনে উন্মোচন করে দেয়।ফলে প্রতিটি জটিল ও দুঃসমাধেয় সমস্যা থেকেই মানুষ চিরতরে মুক্তি লাভ করতে পারে। বস্তুত ইসলামী আন্দোলনের এসব বৈশিষ্ট্য একে ঘনিষ্ট আলোকে পর্যবেক্ষণ ও উপলব্ধি করবার এবং এর সর্ম্পকে উত্থাপিত দাবিগুলোর সত্যতা নিরুপণের জন্যে প্রতিটি কৌতূহলী মনকে অনুপ্রাণিত করে।

ইসলামী আন্দোলনকে জানবার ও বুঝবার জন্যেএ পর্যন্ত অনেক বই-পুস্তকই লেখা হয়েছে এবং আগামীতেও লেখা হতে থাকবে। এসব বই-পুস্তকের সাহায্যে ইসলামী আন্দোলন সর্ম্পকে বেশ পরিষ্কার একটি ধারণাও করা চলে,সন্দেহ নেই।কিন্ত প্রদীপ থেকে যেমন আলোকরশ্মি এবং ফুল থেকে খোশবুকে বিচ্ছিন্ন করা চলে না, তেমনি এ জন্যেই যখন ইসলামী আন্দোলনের কথা উঠে, তখন মানুষ স্বভাবতই এর আহ্বায়ক হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনচরিত এবং এর প্রধান উৎস আল-কুরআনের ব্যাখ্যা-বিশ্লেষণ জানবার জন্যে উৎসুক হয়ে উঠে। এ ঔৎসুক্য খুবই স্বাভাবিক।
ইসলামী আন্দোলনের বৈশিষ্ট্য
একথা সর্বজনবিদিত যে, মানুষের নৈতিক জীবনের সংশোধন, তার ক্ষতিকর বৃত্তিগুলোর অপনোদন এবং জীবনকে সঠিকভাবে কামিয়াব করে তুলবার উপযোগী একটি পূর্ণাঙ্গ জীবন পদ্ধতি উপস্থাপনই হচ্ছে মানবতার প্রতি সবচেয়ে পবিত্র এবং এটাই হচ্ছে তার সবচেয়ে সেরা খেদমত।এই উদ্দেশ্যেই দুনিয়ার অসংখ্য মানুষ নিজ নিজ পথে কাজ করে গেছেন।কিন্তু এ ধরণের সংস্কারমূলক কাজ যাঁরা করেছেন, তাঁরা মানব জীবনের কয়েকটি মাত্র ক্ষেত্রকেই শুধু বেছে নিয়েছেন এবং তার আওতাধীনে থেকেই যতদূর সম্ভব কাজ করে গেছেন।কেউ আধ্যাত্নিক ও নৈতিক দিককে নিজের কর্মকাণ্ডকে সীমাবদ্ধ রেখেছেন রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থার সংশোধনের মধ্যে।কিন্তু মানব জীবনের প্রতিটি দিক ও বিভাগের সুষম পুনর্বিন্যাস ও পুনর্গঠনের চেষ্টা করেছেন এমন পূর্ণাঙ্গ সংস্কারবাদী একমাত্র খোদা-প্রেরিত নবীগণকেই বলা যেতে পারে।

মানব জাতির প্রতি বিশ্বস্রষ্টার সবচেয়ে বড় অনুগ্রহ এই যে, তার প্রেরিত সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ (সাঃ) এর দাওয়াত ও জীবন-চরিত কে তিনি অতুলনীয়ভাবে সুরক্ষিত রেখেছেন।বস্তুত এই মহামানবের জীবনী এমন নির্ভুলভাবে লিপিবদ্ধ করা হয়েছে যে, দুনিয়ার অন্য কোন মহাপুরুষের জীবনী কিংবা কোন ঐতিহাসিক দলিলের লিপিবদ্ধকরণেই এতখানি সতর্কতা অবলম্বনের দাবি করা যেতে পারে না।পরন্ত ব্যাপকতার দিক দিয়ে এর প্রধান বৈশিষ্ট্য এই যে, এতে হযরত (সা )-এর কথাবার্তা, কাজ-কর্ম জীবন-ধারা, আকার-আকৃতি, উঠা-বসা চলন-বলন, লেন-দেন, আচার-ব্যবহার, এমনকি খাওয়া পরা, শয়ন-জাগরণ এবং হাসি-তামাসার ন্যায় সামান্য বিষয়গুলো পর্যন্ত সুরক্ষিত রাখা হয়েছে। মোটকথা, আজ থেকে মাত্র কয়েক শো বছর আগেকার বিশিষ্ট লোকদের সম্পর্কেও যে খুঁটিনাটি তথ্য জানা সম্ভবপর নয়, হযরত মুহাম্মদ (স) সম্পর্কে প্রায় দেড় হাজার বছর পরেও সেগুলো নির্ভুলভবে জানা যেতে পারে।

হযরত মুহাম্মদ(স)-এর জীবন-চরিত পর্যালোচনা করার আগে এর আর একটি বৈশিষ্ট্যের প্রতি আমাদের লক্ষ্য রাখা দরকার।তাহলো এই যে, কোন কাজটি কতখানি গুরুত্বপূর্ণ তা কেবল সেই কাজের পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে অনুধাবণ করা চলে। কারণ প্রায়শই দেখা যায় যে, অনুকূল পরিবেশে যে সব আন্দোলন দ্রুতবেগে এগিয়ে চলে,প্রতিকূল পরিবেশে সেগুলোই আবার স্তিমিত হয়ে পড়ে।তাই সাধারণ আন্দোলনগুলোর ক্ষেত্রে দেখা যায় যে,সেগুলোকে গ্রহণ করার জন্যে আগে থেকেই লোকদের ভেতর যথারীতি প্রস্তুতি চলতে থাকে।অত:পর কোন দিক থেকে হঠাৎ কেউ আন্দোলন শুরু করলেই লোকেরা স্বত:স্ফূর্তভাবে তার প্রতি সহানুভূতি জানাতে থাকে এবং এর ফলে আন্দোলনও স্বাভাবিকভাবে এগিয়ে চলে।দৃষ্টান্ত হিসাবে দুনিয়ার আজাদী আন্দোলনগুলোর কথা উল্লেখ করা যেতে পারে।মানুষ স্বভাবতই বিদেশী শাসকদের জুলুম-পীড়নে অতিষ্ঠ হয়ে ওঠে এবং মনে মনে তার প্রতি ক্ষুব্ধ হতে থাকে।অত:পর কোন সাহসী ব্যক্তি যদি প্রকাশ্যভাবে আজাদীর দাবি উত্থাপন করে,তাহলে বিপদ-মুসিবতের ভয়ে মুষ্টিমেয় লোক তার সহগামী হলেও দেশের সাধারণ মানুষ তার প্রতি সহানুভূতিশীল না হয়ে পারে না।অর্থনৈতিক আন্দোলনগুলোর অবস্থাও ঠিক এইরূপ। ক্রমাগত দু:খ-ক্লেশ এবং অর্থগৃধ্‌নু ব্যক্তিদের শোষণ-পীড়নে লোকেরা স্বভাবই এরূপ আন্দোলনের জন্যে প্রস্তত হতে থাকে।এমতাবস্থায় অর্থনৈতিক বিধি-ব্যবস্থার সংশোধন এবংমানুষের দুঃখ-দুর্গতি মোচনের নামে দেশের কোথাও যদি কোনো বিপ্লবাত্মক আন্দোলন মাথা তুলে দাঁড়ায়, তাহলে লোকেরা স্বভাবতই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে।কিন্তু এর বিপরীত -সম্পূর্ণ প্রতিকূল পরিবেশে উত্থিত একটি আন্দোলনের কথা ভেবে দেখা যেতে পারে।দৃষ্টান- হিসাবে বলা যায়, কোনো উগ্র মূর্তিপূজারী জাতির সামনে কোনো ব্যক্তি যদি মূর্তিপূজাকে নেহাত একটি অনর্থক ও বাজে কাজ বলে ঘোষণা করে, তাহলে তার ওপর কী বিপদ-মুসিবত নেমে আসতে পারে, একটু ভেবে দেখা দরকার।

বস্তুত ইসলামী আন্দোলনের আহ্বায়ক হযরত মুহাম্মদ(স) কী প্রতিকূল পরিবেশে তার কাজ শুরু করেছিলেন, তা স্পষ্টত সামনে না থাকলে তার কাজের গুরুত্ব এবং তার বিশালতা উপলব্ধি করা কিছুতেই সম্ভবপর হবে না। এ কারণেই তার জীবনচরিত আলোচনার পূর্বে তৎকালীন আরব জাহান তথা সারা দুনিয়ার সার্বিক অবস্থার ওপর কিছুটা আলোকপাত করা দরকার।ইসলামী আন্দোলনের প্রাক্কালে দুনিয়ার অবস্থা
ইসলাম মানুষের কাছে যে দাওয়াত পেশ করেছে, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ বুনিয়াদ হচ্ছে তাওহীদ। কিন্তু এই তাওহীদের আলো থেকেই তখনকার আরব উপদ্বীপ তথা সমগ্র দুনিয়া ছিল বঞ্চিত।তৎকালীন মানুষের মনে তাওহীদ সম্পর্কে সঠিক কোন ধারণাই বর্তমান ছিল না।এ কথা সত্যি যে হযরত মুহাম্মদ (স) এর আগেও খোদার অসংখ্য নবী দুনিয়ায় এসেছেন এবং প্রতিটি মানব সমাজের কাছেই তারা তাওহীদের পয়গাম পেশ করেছেন।কিন্তু মানুষের দুর্ভাগ্য এই যে, কালক্রমে এই মহান শিক্ষা বিস্মৃত হয়ে সে নিজেরই ইচ্ছা-প্রবৃত্তির দাসত্বে লিপ্ত হয়ে পড়ে এবং তার ফলে চন্দ্র-সূর্য, গ্রহ-উপগ্রহ,দেব-দেবী, নদী-সমুদ্র, পাহপড়-পর্বত, জ্বিন-ফেরেশতা, মানুষ-পশু ইত্যাকার অনেক বস্তুকে নিজের উপাস্য বা মাবুদের মধ্যে শামিল করে নেয়।এভাবে মানুষ এ খোদার নিশ্চিত বন্দেগীর পরিবর্তে অসংখ্য মাবুদের বন্দেগীর আবর্তে জড়িয়ে পড়ে।

রাজনৈতিক দিক থেকে তখন পারস্য ও রোম এই দুটি গুরুত্বপূর্ণ শক্তি বর্তমান ছিলো । পারস্যের ধর্মমত ছিলো অগ্নিপূজা (মাজুসিয়াত) । এর প্রতিপত্তি ছিলো ইরাক থেকে ভারতের সীমানা পর্যন্ত বিস্তৃত। আর রোমের ধর্ম ছিলো খ্রিষ্টবাদ(ঈসাইয়াত)।এটি গোটা ইউরোপ ,এশিয়া ও আফ্রিকাকে পরিবেষ্টন করে ছিলো। এ দুটি বৃহৎ শক্তি ছাড়া ধর্মীয় দিক থেকে ইহুদী ও হিন্দু ধর্মের কিছুটা গুরুত্ব ছিলো। এরা প্রত্যেকেই নিজ নিজ এলাকায় সভ্যতার দাবি করত।

অগ্নিপূজা ছাড়া পারস্যে (ইরানে) নক্ষত্রপূজারও ব্যাপক প্রচলন ছিলো। সেই সঙ্গে রাজা-বাদশা ও আমির-ওমরাগণ ও বিভিন্ন ক্ষেত্রে প্রজাদের খোদা ও দেবতার আসনে অধিষ্ঠিত ছিলো। তাদেরকে যথারীতি সিজদা করা হত এবং তাদের খোদায়ীর প্রশস্তিমূলক সংগীত পরিবেশন করা হত।মোট কথা,সারা দুনিয়া থেকেই তাওহীদের ধারণা বিদায় নিয়েছিলো।
রোম সাম্রজ্য
গ্রীসের পতনের পর রোম সাম্রাজ্যকেই তখন দুনিয়ার সবচেয়ে সেরা শক্তি বলে বিবেচনা করা হত। কিন্তু ঈসায়ী ষষ্ঠ শতকের শেষভাগে এই বৃহৎ সাম্রাজ্যই অধঃপতনের শেষ প্রান্তে এসে উপনীত হয়। রাষ্ট-সরকারের অব্যাবস্থা,শত্রুর ভয়,অভ্যন্তরীন অশান্তি ,নৈতিকতার বিলুপ্তি, বিলাসিতার আতিশয্য-এক কথায় তখন এমন কোন দুষ্কৃতি ছিলো না ,যা লোকেদের মধ্যে অনুপ্রবেশ করেনি। ধর্মীয় দিক থেকে তো কিছু লোক নক্ষত্র ও দেবতার কল্পিত মূতির পূজা-উপাসনায় লিপ্ত ছিলোই;কিন্তু যারা ঈসার ধর্মের অনুসারী বলে নিজেদের দাবি করত, তারাও তাওহীদের ভাবধারা থেকে সম্পূর্ণ বিচ্যুত হয়ে পড়েছিলো। তারা হযরত ঈসা(আঃ) ও মরিয়মের খোদায়ী মর্যাদায় বিশ্বাসী ছিলো। পরন্ত তারা অসংখ্য ধর্মীয় ফির্কায় বিভক্ত হয়ে পড়েছিলো এবং পরস্পর লড়াই-ঝগড়ায় লিপ্ত থাকতো। তাদের মধ্যে কবর পূজার ব্যাপক প্রচলন ছিলো। পাদ্রীদের তারা সিজদা করত। পোপ ও বিভিন্ন পর্যায়ের ধর্মীয় পদাধিকারীগণ বাদশাহী,এমনকি কোন কোন ক্ষেত্রে খোদায়ী ক্ষমতা পর্যন্ত করায়ত্ত করে রেখেছিলো। হারাম ও হালালের মাপকাঠী তাদের হাতেই নিবদ্ধ ছিলো। তাদের কথাকে ‘খোদায়ী আইন’ বলে গণ্য করা হত। পাশাপাশি সংসারত্যাগ বা সন্ন্যাস ব্রতকে ধার্মিকতার উচ্চাদর্শ বলে মনে করা হতো এবং সকল প্রকার আরাম আয়েশ থেকে দেহকে মুক্ত রাখাই শ্রেষ্ঠ ইবাদত বলে বিবেচিত হতো।
ভারতবর্ষ
ধর্মীয় দিক থেকে ভারতে তখন‘পৌরাণিক যুগ’ বিদ্যমান ছিলো। ভারতের ধর্মীয় ইতিহাসে এই যুগটিকে সবচেয়ে অন্ধকার যুগ বলে গণ্য করা হয়। কারণ এ যুগে ব্রাহ্মণ্যবাদ পুনরায় প্রভাবশালী হয়ে উঠেছিলো এবং বৌদ্ধদেরকে প্রায় নির্মূল করে দেয়া হয়েছিলো। এ যুগে শির্কের চর্চা মাত্রাতিরিক্ত রকমে বেড়ে গিয়েছিলো। দেবতাদের সংখ্যা বাড়তে বাড়তে ৩৩ কোটি পর্যন্ত পৌঁছেছিলো। কথিত আছে যে,বৈদিক যুগে কোন মূর্তি পূজার প্রচলন ছিলনা। কিন্তু এ যুগে মূর্তিপূজার ব্যাপক প্রচলন ঘটেছিলো। মন্দিরের পুরোহিতগণ অনৈতিকতার এক জীবন্ত প্রতীক। সরল প্রাণ লোকেদের শোষাণ ও লুন্ঠন করাই ছিল তাদের প্রধান কাজ। সে যুগে বর্ণবাদ বা জাতিভেদ প্রথার বৈষম্য চরমে পৌছেছিল। এর ফলে সামাজিক শৃংখলা ও ব্যাবস্থাপনা ধ্বংস হয়েছিল। সমাজপতিদের খেয়াল-খুশি মতো আইন কানুন তৈরি করে নেয়া হয়েছিল বিচার ইনসাফকে সম্পূর্ণরুপে হত্যা করা হয়েছিল। বংশ-গোত্রের দৃষ্টিতে লোকেদের মর্যাদা নিরুপন করা হতো। সাধারণ্যে মদপানের ব্যাপক প্রচলন ঘটেছিলো। তবে খোদা প্রাপ্তির জন্য বন-জঙ্গল ও পাহাড়-পর্বতে জীবন কাটানো কে অপরিহার্য মনে করা হতো। কুসংস্কার ও ধ্বংসাত্নক চিন্তাধারা চরমে পৌছেছিলো। ভূত প্রেত , শুভাশুভ গণন এ ভবিষ্যৎ কথনে বিশ্বাস গোটা মানব জীবনকে আচ্ছন্ন করে রেখেছিলো। যে কোন অদ্ভুত জিনিসকেই ‘খোদা’ বলে গণ্য করা হতো। যে কোন অস্বাভাবিক বস্তুর সামনে মাথা নত করাই ধর্মীয় কাজ বলে বিবেচিত হতো। দেব-দেবী ও মূর্তির সংখ্যা গণনা তো দূরের কথা , তা আন্দাজ অনুমানেরও সীমা অতিক্রম করেছিলো। পূজারিণী ও দেবদেবীদের নৈতিক চরিত্র অত্যন্ত লজ্জাকর অবস্থায় উপনীত হয়েছিলো। ধর্মের নামে সকল প্রকার দুষ্কর্ম ও অনৈতিকতাকে সর্মথন দেয়া হতো। এক এক জন নারী একাধিক পুরুষকে স্বামীরুপে গ্রহণ করতো। বিধবা নারীকে আইনের বলে সকল প্রকার সুখ সম্ভোগ থেকে জীবনভর বঞ্চিত করে রাখা হতো। এই ধরনের জুলুম মূলক সমাজরীতির ফলে জীবন- নারী তার মৃত স্বামীর জ্বলন- চিতায় ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করতে পর্যন্ত স্বীকৃত হতো। যুদ্ধে হেরে যাবার ভয়ে বাপ,ভাই ও স্বামী তাদের কন্যা , ভগ্নি ও স্ত্রীকে স্বহস্থে হত্যা করে ফেলতো এবং এতে তারা অত্যন্ত গর্ববোধ করতো। নগ্ন নারী ও নগ্ন পুরুষের পূজা করাকে পূণ্যের কাজ বলে গণ্য করতো। পূজা পার্বণ উপলক্ষে মদ্যপান করে তারা নেশায় চুর হয়ে যেত। মোদ্দাকথা, ধর্মাচরণ, নৈতিকতা ও সামাজিকতার দিক দিয়ে খোদার এই ভূখন্ডটি শয়তানের এক নিকৃষ্ট লীলাভূমিতে পরিণত হয়েছিলো।
ইহুদী
আল্লাহর দ্বীনের অনুসারী হিসেবে কোনো সংস্কার-সংশোধন যদি প্রত্যাশা করা যেতো, তাহলে ইহুদীদের কাছ থেকেই করা যেতে পারতো। কিন্তু তাদের অবস্থাও তখন অধঃপতনের চরম সীমায় পৌছে গিয়েছিলো। তারা তাদের দীর্ঘ ইতিহাসে এমন সব গুরুতর অপরাধ করেছে যে, তাদের পক্ষে কোনো সংস্কার মূলক কাজ করাই সম্ভব ছিলো না। তাদের মানসিক অবস্থা অত্যন- শোচনীয় আকার ধারণ করেছিলো। ফলে তাদের ভেতর কোনো নবীর আগমন ঘটলে তাঁর কথা শুনতে পর্যন্ত তারা প্রস্তুত ছিলো না। এজন্যে কতো নবীকে যে তারা হত্যা করেছে তার ইয়ত্তা নেই। তারা এরুপ ভ্রান্ত ধারণায় নিমজ্জিত ছিলো যে, খোদার সাথে তাদের একটি বিশেষ সম্পর্ক রয়েছে ; সুতরাং কোনো অপরাধের জন্যেই তিনি তাদের শাস্তি দেবেন না। তারা এ-ও ধারণা করতো যে, বেহেস্তের সকল সুখ-সম্ভোগ শুধু তাদের জন্যেই নির্দ্দিষ্ট করে রাখা হয়েছে।নবুয়্যাত ও রিসালাতকে তারা নিজেদের মীরাসী সম্পত্তি বলে মনে করতো। তাদের আলেম সমাজ দুনিয়া-পুজা ও যুগ-বিভ্রান্তিতে চরমভাবে লিপ্ত হয়ে পড়েছিলো। বিত্তশালী ও শাসক সম্প্রদায়ের মনোতুষ্টির জন্যে সবসময় তারা ধর্মীয়বিধি-বিধানে হ্রাস-বৃদ্ধি করতে থাকতো। খোদায়ী বিধান সমূহের মধ্যে যেগুলো অপেক্ষাকৃত সহজতর এবং তাদের মর্জি মাফিক,সে গুলোই তারা অনুসরণ করতো;পক্ষান্তরে যেগুলো কঠিন ও অপছন্দনীয় ,সেগুলো অবলীলাক্রমে বর্জন করতো।

পরস্পর যুদ্ধ-বিগ্রহ ও খুন খারাবী করা তৎকালীন ইহুদীদের একটা সাধারণ ব্যাপারে পরিণত হয়েছিলো। ধন-মালের লালসা তাদেরকে সীমাহীনভাবে অন্ধ করে তুলেছিলো এবং এদিক থেকে কিছুমাত্র ক্ষতি হতে পারে, এমন কোন কাজ করতেই তারা প্রস্তুত ছিলো না। এর ফলে তাদের নৈতিক চরিত্র অত্যন্ত দূর্বল হয়ে পড়েছিল। তাদের ভেতরে মুশরিকদের মত মূর্তিপূজাও প্রভাব বিস্তার করেছিল। যাদু-টোনা,তাবিজ-তুমার, আমল-তদবীর ইত্যাদি অসংখ্য প্রকার কুপ্রথা তাদের মধ্যে ঢুকে পড়েছিলো এবং তওহীদের সঠিক ধারণাকে তা নিশ্চিহ্ন করে দিয়েছিলো। এমন কি,যখন আল্লাহর শেষ নবী তওহীদের সঠিক দাওয়াত পেশ করেন। তখন এই ইহুদীরাই মুসলমানদের চেয়ে আরব মুশরিকদেরকে উত্তম বলে ঘোষণা করেন।
আরব দেশের অবস্থা
দুনিয়ার ধর্মীয় ও রাজনৈতিক অবস্থা পর্যালোচনার পর এবার খোদ আরব দেশের প্রতি আমরা দৃষ্টিপাত করবো। কারণ, এই গুরুত্বপূর্ণ ভূ-খণ্ডেই আল্লাহর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী তার আন্দোলনের সূত্রপাত করেন এবং এখানকার পরিস্থিতিই তাকে সর্বপ্রথম মুকাবেলা করতে হয়।

আরবের একটি বিরাট অংশ- কোরা উপত্যকা, খায়বার ও ফিদাকে তখন বেশির ভাগ বাসিন্দাই ছিল ইহুদী। খোদ মদীনায় পর্যন্ত ইহুদীদের আদিপত্য কায়েম ছিল। বাকী সারা দেশে পৌত্তলিক রীতি-রেওয়াজ প্রচলিত ছিল। লোকেরা মূতি,পাথর ,নক্ষত্র,ফেরেশতা, জ্বিন প্রভৃতির পূজা-উপাসনা করতো ।অবশ্য এক আল্লাহর ধারণা তখনও কিছুটা বর্তমান ছিল। তবে তা শুধু এই পর্যন্ত যে, লোকেরা তাকে খোদাদের খোদা বা ‘সবচাইতে বড় খোদা’ বলে মনে করত। আর এই আকিদাও এতটা দুর্বল ছিল যে কার্যত তারা নিজেদের মনগড়া ছোটখাটো খোদাগুলোর পূজা উপাসনায়ই লিপ্ত থাকতো। তারা বিশ্বাস করতো যে, মানুষের দৈনন্দিন জীবনে এই সব ছোট খাটো খোদার প্রভাবই কার্যকর হয়ে থাকে। তাই বাস্তব ক্ষেত্রে তারা এগুলেরই পূজা উপাসনা করতো। এদের নামেই মানত মানতো ও কুরবানী করতো এবং এদের কাছেই নিজ নিজ বাসনা পূরণের আবেদন জানাতো। তারা এও ধারণা করতো এসব ছোট খাটো খোদাকে সন্তষ্ট করলেই আল্লাহ তাদের প্রতি সন্তষ্ট হবেন।

এ ভ্রান্ত লোকেরা ফেরেস্থতাদেরকে খোদার পুত্র কন্যা বলে আখ্যা দিত। জ্বীনদের কে খোদার ঘনিষ্ঠ বন্ধু এবং খোদায়ীর অন্যতম শরিকদার বলে ধারণা করতো এবং এই কারণে তারা তাদের পূজা-উপাসনা করতো, তাদের কাছে সাহায্য কামনা করতো। যে সব শক্তিকে এরা খোদায়ীর শরিকদার বলে মনে করতো, তাদের মূর্তি বানিয়ে যথারীতি পূজা-উপাসনাও করতো। মূর্তি পূজার এতোটা ব্যাপক প্রচলন ঘটেছিল যে, কোথাও কোন সুন্দর পাথর খন্ড দৃষ্টি গোচর হলেই তারা তার পূজা-উপাসনা শূরু করে দিত। এমনকি, একান্তই কিছু না পাওয়া গেলে মাটির একটা স্তুপ বানিয়ে তার উপর কিছুটা ছাগ-দুগ্ধ ছিটিয়ে দিত এবং তার চারদিক প্রদক্ষিণ করতো।

মোট কথা, পূজা-উপাসনার জন্য আরবরা অসংখ্য প্রকার মূর্তি নির্মান করে নিয়েছিল। এসকল মূর্তির পাশাপাশি তারা গ্রহ নক্ষত্রেরও পূজা করতো। বিভিন্ন গোত্রের লোকেরা বিভিন্ন নক্ষত্রের পূজা করতো। এর ভিতর সূর্য ও চন্দ্রের পূজাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। তারা জ্বিন-পরী এবং ভূত-প্রেতেরও পূজা করতো। এদের সম্পর্কে নানা প্রকার অদ্ভূত কথা তাদের মধ্যে প্রচলিত ছিল। এছাড়া মুশরিক জাতি গুলোর মধ্যে আর যে সব কুসংস্কারের প্রচলন দেখা যায়,সেসব ও এদের মধ্যে বর্তমান ছিল।

এহেন ধর্মীয় বিকৃতির সাথে সাথে পারস্পারিক লড়াই-ঝগড়া আরবদের মধ্যে একটা সাধারণ ব্যাপারে পরিণত হয়েছিল। মামুলি বিষয়াদি নিয়ে তাদের মধ্যে যুদ্ধ-বিগ্রহ শুরু হয়ে যেতো এবং বংশ পরম্পরায় তার জের চলতে থাকতো। জুয়াখেলা ও মদ্যপানে তারা এতটা অভ্যস্থ হয়ে পড়েছিল যে, তখনকার দিনে আর কোন জাতিই সম্ভবত তাদের সমকক্ষ ছিল না।মদের প্রশস্তি এবং তার সাথে সংশ্লিষ্ট দুষ্কর্মগুলো প্রসংসায় তাদের কাব্য-সাহিত্য পূর্ণ হয়ে গিয়েছিল। এছাড়া সুদী কারবার,লুটপাট,চৌর্যবৃত্তি,নৃশংসতা রক্তপাত, ব্যভিচার, এবং এ জাতীয় অন্যান্য দুষ্কর্ম তাদেরকে প্রায় মানবরুপি পশুতে পরিণত করেছিল।আপন কন্যা সন্তানকে তারা অপয়া ভেবে জীবন্ত দাফন করতো। নির্লজ্জ আচরণে তারা এতদূর পর্যন্ত পৌঁছেছিল যে, পুরুষ ও নারীর একত্রে নগ্নাবস্থায় কাবা শরীফ তওয়াফ করাকে তারা ধর্মীয় কাজ বলে বিবেচনা করতো। মোটকথা,ধর্মীয়,নৈতিক,সামাজিক,ও রাজনৈতিক জীবনে তখনকার আরব ভূমি অধঃপতনের চরম সীমায় উপনীত হয়েছিল।
ইসলামী আন্দোলনের জন্যে আরব দেশের বিশেষত্ব
আরব উপদ্বীপ তথা সমগ্র বিশ্বব্যাপী এই ঘোর অমানিশার অবসান ঘটিযে আল্লাহর পথভ্রষ্ট বান্দাদেরকে তারই মনোনীত পথে চালিত করার জন্যে একটি শুভ প্রভাতের যে একান্ত প্রয়োজন হয়ে পড়েছিল, এতে কোন সন্দেহ নেই। কিন্তু এই শুভ প্রভাতটির সূচনার জন্যে আল্লাহ তা’আলা সারা দুনিয়ার মধ্যে আরব দেশকে কেন মনোনীত করলেন, প্রসঙ্গত এই কথাটিও আমাদের ভেবে দেখা দরকার।

আল্লাহ তা’আলা হযরত মুহাম্মদ(স)- কে সারা দুনিয়ার জন্যে হেদায়াত ও দিক-নির্দেশনা সর্বশেষ পয়গামসহ পাঠানোর জন্যে মনোনীত করেছিলেন। সুতরাং তার দাওয়াত সমগ্র দুনিয়ায়ই প্রচারিত হবার প্রয়োজন ছিল। স্পষ্টতই বোঝা যায় যে, এই বিরাট কাজের জন্যে কোন এক ব্যক্তির জীবন-কালই যথেষ্ট হতে পারে না।এর জন্যে প্রয়োজন ছিল :আল্লাহর নবী তার নিজের জীবদ্দশায়ই সৎ ও পুণ্যবান লোকদের এমন একটি দল তৈরি করে যাবেন, যারা তার তিরোধানের পরও তার মিশনকে অব্যাহত রাখবেন। আর এই গুরুত্বপূর্ণ কাজের জন্যে যে ধরনের বিশেষত্ব ও গুণাবরীর প্রয়োজন ছিল, তা একমাত্র আরব অধিবাসীদের মধ্যেই সবচেয়ে বেশি উন্নত মানের এবং বিপুল পরিমানে পাওয়া যেত । উপরন্ত আরবের ভৌগোলিক অবস্থানকে দুনিয়ার জনবসতিপূর্ণ এলাকার প্রায় কেন্দ্রস্থল বলা চলে। এসব কারণে এখান থেকেই নবীজীর দাওয়াত চারদিকে প্রচার করা সবদিক থেকেই সুবিধাজনক ছিল।

এছাড়া আরবী ভাষারও একটি অতুলনীয় বিশেষত্ব ছিল। কোন গুরুত্বপূর্ণ বিষয়কে এই ভাষায় যতটা সহজে ও হৃদয়গ্রাহী করে পেশ করা যেতো, দুনিয়ার অন্য কোন ভাষায় তা সম্ভবপর ছিল না। সর্বোপরি, আরবদের একটা বড়ো সৌভাগ্য ছিল যে, তারা কোনো বিদেশি শক্তির শাসনাধীন ছিল না। গোলামীর অভিশাপে মানুষের চিন্তা ও মানসিকতার যে নিদারুণ অধঃগতি সূচিত এবং উন্নত মানবীয় গুণাবলীরও অপমৃত্যু ঘটে,আরবরা সে সব দোষ থেকে সম্পূর্ণ মুক্ত ছিল। তাদের চারদিকে পারস্য ও রোমের ন্যায় বিরাট দুটি শক্তির রাজত্ব কায়েম ছিল; কিন্তু তাদের কেউই আরবদের কে গোলামীর শৃঙ্খলে আবদ্ধ করতে পারেনি ।তারা ছিল দুর্ধর্ষ প্রকৃতির বীর জাতি; বিপদ-আপদকে তারা কোনোদিন পরোয়া করতো না। তারা ছিল স্বভাবগত বীর্যবান;যুদ্ধ-বিগ্রহকে তারা মনে করতোএকটা খেল-তামাসা মাত্র । তারা ছিল অটল সংকল্প আর স্বচ্ছ দিলের অধিকারী। যে কথা তাদের মনে জাগতো,তা-ই তারা মুখে প্রকাশ করতো। গোলাম ও নির্বোধ জাতিসমূহের কাপুরুষতা ও কপট মনোবৃত্তির অভিশাপ থেকে তারা ছিল সম্পূর্ণ মুক্ত। তাদের কাণ্ডজ্ঞান,বিবেক-বুদ্ধিও মেধা-প্রতিভা ছিল উন্নত মানের। সূক্ষ্ণাতিসূক্ষ্ণ কথাও তারা অতি সহজে উপলব্ধি করতে পারতো। তাদের স্মরণ শক্তি ছিল অত্যন্ত প্রখর; এক্ষেত্রে সমকালীন দুনিয়ার কোনো জাতিই তাদের সমকক্ষ ছিল না।তারা ছিল উদারপ্রাণ, স্বাবলম্বী ও আত্ম-মর্যাদা সম্পূর্ণ জাতি। করো কাছে মাথা নত করতে তারা আদৌ অভ্যস্ত ছিল না। সর্বোপরি, মরুভূমির কঠোর জীবন-যাত্রায় তারা হয়ে ওঠেছিল নিরেট বাস্তববাদী মানুষ। কোন বিশেষ পয়গাম কবুল করার পর বসে বসে তার প্রশস্তি কীর্তন করা তাদের পক্ষে সম্ভব ছিল না;বরং সে পয়গামকে নিয়ে তারা মাথা তুলে দাঁড়াতো এবং তার পিছনে তাদের সমগ্র শক্তি-সামর্থ্য নিয়োজিত করতো।
আরবদের সংশোধনের পথে বাধা
আরব দেশের ভৌগোলিক অবস্থান, তার শক্তিশালী ভাষা এবং তার বাসিন্দাদের এসব বৈশিষ্ট্যের কারণেই আল্লাহ তা’আলা তাঁর সর্বশেষ নবীকে এই জাতির মধ্যে প্রেরণ করার সিদ্ধান্ত করেন, সন্দেহ নেই।কিন্তু এই অদ্ভূত কওম কে সংশোধন করতে গিয়ে খোদ হযরত মুহাম্ম্‌দ (স)-কে যে বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়, তার গুরুত্বও কোনো দিক দিয়ে কম ছিল না। আগেই বলেছি, কোনো কাজের সঠিক মূল্যায়ন করতে হলে সে কাজটির চারদিকের অবস্থা ও পরিবেশের কথা বিচার করা প্রয়োজন ।এই দৃষ্টিতে বিচার করলে আরব ভূমির সেই ঘনঘোর অন্ধকার যুগে এ ইসলামী আন্দোলনের সূচনা ও তার সাফল্যকে ইতিহাসের এক নজিরবিহীন কীর্তি বলে অভিহিত করতে হয়। আর একারণেই আরবদের ন্যায় একটি অদ্ভূত জাতিকে দুনিয়ার নেতৃত্বের উপযোগী করে গড়ে তুলতে গিয়ে হযরত মুহাম্মদ(স)-কে যে সীমাহীন বাধা-বিপত্তি অতিক্রম করতে হয়েছে, তাকেও একটা অলৌকিক ব্যাপার ছাড়া আরা কিছুই বলা চলে না।

কাজেই আরবদের এই বৈশিষ্ট্যেগুলো যে পর্যন্ত সামনে না রাখা হবে, সে পর্যন্ত হযরত মুহামামদ(স)- এর নেতৃত্বে সম্পাদিত বিশাল সংস্কার কার্যকে কিছুতেই উপলব্ধি করা যাবে না।এই কওমটির সংশোধনের পথে যে সমস্ত জটিলতার অসুবিধা বর্তমান ছিল, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্যও গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা এখানে বিবৃত করছি। আরবরা ছিল একটা নিরেট অশিক্ষিত জাতি।খোদার সত্তা ও গুণাবলী সম্পর্কিতজ্ঞান, নবুয়্যাতের স্বরূপ ও গুরুত্ব, ওহীর তাৎপর্য, আখিরাত সম্পর্কিত ধারণা, ইবাদতের অর্থ ইত্যাদি কোনো বিষয়ই তারা ওয়াকিফহাল ছিল না।পরন্ত তারা বাপ-দাদার আমল থেকেই প্রচলিত রীতিনীতি ও রসম রেওয়াজের অত্যন্ত অন্ধ অনুসারী ছিল এবং তা থেকে এক ইঞ্চি পরিমাণ দূরে সরতেও প্রস্তুত ছিল না। অথচ ইসলামের যাবতীয় শিক্ষাই ছিল তাদের এই পৈত্রিক ধর্মের সম্পূর্ণ বিপরীত। অন্যদিকে শির্ক থেকে উদ্ভূত সকল মানসিক ব্যাধিই তাদের মধ্যে বর্তমান ছিল। অহংকার ও আত্মম্ভরিতার ফলে তাদের বিবেক-বুদ্ধি হয়ে পড়েছিল প্রায় নিস্ক্রিয়।পারস্পরিক লড়াই-ঝগড়া তাদের একটা জাতীয় বৈশিষ্ট্যে পরিণত হয়েছিল। এ জন্যে শান্ত মস্তিষ্কে ও গভীরভাবে কোনো কিছু চিন্তা করা তাদের পক্ষে সহজতর ছিল না।তাদের কিছু ভাবতে হলে তা যুদ্ধ-বিগ্রহের দৃষ্টিকোণ থেকেই ভাবতো, এর বাইরে তাদের আর কিছু যেন ভাববারই ছিল না।সাধারণভবে দস্যুবৃত্তি,লুটতরাজ ইত্যাদি ছিল তাদের জীবিকা নির্বাহের উপায়।এ থেকে সহজেই আন্দাজ করা চলে যে,হযরত মুহাম্মদ(স)-এর দাওয়াত তাদের ভেতর কী প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল। তিনি যখন তাদের কে ইসলামের দিকে আহ্বান জানান, তখন তাদের কাছে তা মনে হয়েছিল একটি অভিনব দুর্বোধ্য ব্যাপার। তারা বাপ-দাদার আমল থেকে যে সব রসম-রেওয়াজ পালনে অভ্যস্ত, যে সব চিন্তা-খেয়াল তারা মনের মধ্যে পোষণ করেছিল -এ দাওয়াত ছিল তার সম্পূর্ণ বিপরীত। এ দাওয়াতের মূল কথা ছিল : লড়াই-ঝগড়া বন্ধ করো, শান্তিতে বসবাস করো,দস্যুবৃত্তি ও লুটতরাজ থেকে বিরত থাকো, বদভ্যাস ও ধ্বংসাত্মক চিন্তাধারা পরিহার করো, সর্বোপরি জীবিকার জন্যে হারাম পন্থা ত্যাগ করো। স্পষ্টতই বোঝা যায়,এ ধরণের একটি সর্বাত্মক বিপ্লবী পয়গামকে কবুল করা তাদের পক্ষে কত কঠিন ব্যাপার ছিল।

মোটকথা, তৎকালীন দুনিয়া অবস্থা, আরব দেশের বিশেষ পরিস্থিতি এবং সংশ্লিষ্ট জাতির স্বভাব-প্রকৃতি ও বৈশিষ্ট্য-বিশেষত্ব -এর কোন জিনিসই ইসলামী আন্দোলনের পক্ষে অনুকূল ছিল না।কিন্তু যখন এর ফলাফল প্রকাশ পেলো,তখনই স্পষ্ট বোঝা গেল :
“বজ্রের ধ্বনি ছিল সেথবা ছিল সে ‘সওতে হাদী’
দিল যে কাঁপায়ে আরবের মাটি রাসূল সত্যবাদী।
জাগালো সে এক নতুন লগ্ন সকলের অন্তরে,
জাগায়ে গেল সে জনতাকে চির সুপ্তির প্রান্তরে!
সাড়া পড়ে গেল চারদিকে এই সত্যের পয়গামে,
হলো মুখরিত গিরি-প্রান্তর চির সত্যের নামে।”

বস্তুত এটই ছিল ইসরামী আন্দোলনের সবচেয়ে বড় মু’জিজা। এই মু’জিজার কথা যখন উত্থাপিত হয়, তখন স্বভবতই হযরত মুহাম্মদ(স)- জীবনধারা আলোচনা এবং তার পেশকৃত পয়গামকে নিকট থেকে উপলব্ধিকরার জন্যে প্রতিটি উৎসুক মন ব্যাকুল হয়ে ওঠে।পরবর্তী অধ্যায়গুলোতে এই বিষয়টি আমরা পাঠকদের সামনে তুলে ধরবার চেষ্টা করবো।
জন্ম ও বাল্যকাল
বংশ পরিচিতি
হযরত মুহাম্মদ(স)-এর সম্মানিত পিতার নাম আব্দুল্লাহ।তিনি ক’বার মুতাওয়াল্লী আবদুল মুত্তালিবের পুত্র ছিলেন। তার বংশ-পরম্পরা উর্ধ্ব দিকে প্রায় ষাট পুরুষ পর্যন্ত পৌঁছে ইব্রাহীম (আঃ)-তনয় হযরত ইসমাঈল(আ)-এর সাথে মিলিত হয়েছে।তার খান্দানের নাম কুরাইশ।আরব দেশের অন্যান্য খান্দানের মধ্যে এটিই পুরুষানুক্রমে সবচেয় শ্রেষ্ঠ ও সম্মানিত খান্দান বলে পরিগণিত হয়ে আসছে। আরবদেশের ইতিহাসে এই খান্দানের অনেক বড়ো বড়ো মান্য-গণ্য ব্যক্তির নাম দেখতে পাওয়া যায়।এদের ভেতর আদনান, নাযার, ফাহার, কালাব, কুসসী প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। কুসসী তার জামানায় কা’বা শরীফের মুতাওয়াল্লী ছিলেন ।তিনি অনেক বড়ো বড়ো স্মরণীয় কাজ করে গেছেন।যেমন : হাজীদের পানি সরবরাহ করা, তাদের মেহমানদারির ব্যবস্থা করা ইত্যাদি। তার পরেও তার খান্দানের লোকেরা এই সকল কাজ আঞ্জাম দিতে থাকে।এসব জনহিতকর কাজ এবং কা’বা শরীফের মুতাওয়াল্লী হবার কারণে কুরাইশরা সারা আরব দেশে অতীব সম্মানিত ও গুরুত্বপূর্ণ খান্দান হিসেবে স্বীকৃতি লাভ করে।সাধারণভাবে আরবে লুটতরাজ, রাহাজানি ইত্যাকার দুষ্কৃতি হিসেবে স্বীকতি প্রচলিত ছিল এবং এ কারণে রাস্তাঘাট আদৌ নিরাপদ ছিল না।কিন্তু কা’বা শরীফের মর্যাদাও হাজীদের খেদমতের কারণে কুরাইশদের কাফেলার ওপর কখনো কেউ হামলা করতো না।তারা শান্তিপূর্ণভাবে নিজেদের ব্যবসায়ের পণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারতো।

আব্দুল মুত্তালিবের দশটি(মতান্তরে বারোটি) পুত্র ছিল।কিন্তু কুফর বা ইসলামের বৈশিষ্ট্যের দিক দিয়ে তাদের মধ্যে পাঁচ জন মাত্র খ্যাতি লাভ করেন। প্রথম আব্দুল্লাহ, ইনি হযরত(স)-এর পিতা। দ্বিতীয়,আবু তালিব; ইনি ইসলাম কবুল করেননি বটে,তবে কিছুকাল হযরতের সাহায্য ও পৃষ্টপোষকতা করেছেন।তৃতীয়,হযরত হামযা(রা) এবং চতুর্থ,হযরত আব্বাস(রা)-এরা দুজনই ইসলামে সুশীতল ছায়ায় আশ্রয় নেন এবংইসলামের ইতিহাসে অতীব উচ্চ মর্যাদা লাভ করেন।আর পঞ্চম হচ্ছে আবু লাহাব;ইসলামের প্রতি বৈরিতার কারণে ইতিহাসে যার নাম সবচেয়ে উল্লেখযোগ্য। কুরাইশদের একটি গোত্রের নাম হচ্ছে জাহারা। এই গোত্রের ওহাব বিন আবদুল মানাফের কন্যা আমিনার সঙ্গে আবদুল্লাহর বিবাহ হয়। সমগ্র কুরাইশ খান্দানের ভেতর ইনি একজন বিশিষ্ট মহিলা ছিলেন।বিবাহকালে আবদুল্লাহর বয়স ছিল মাত্র সতেরো বছর।বিয়ের পর খান্দানী রীতি অনুযায়ী তিনি তিন দিন শ্বশুরালয়ে অবস্থান করেন।অতঃপর ব্যবসায় উপলক্ষে সিরিয়া গমন করেন। ফিরবার পথে মদিনা পর্যন্ত পৌঁছেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই ইন্তেকাল করেন। ঐ সময় আমিনা অন্তঃসত্ত্বা ছিলেন।
জন্ম তারিখ
ঈসায়ী ৫৭১ সালের ২০ এপ্রিল মুতাবেক ৯ রবিউল আওয়াল সোমবারের সুবহে সাদিক।এই স্মরণীয় মুহূর্তে রহমতে ইলাহীর ফয়সালা মুতাবেক সেই মহান ব্যক্তিত্ব জন্ম গ্রহণ করলেন,সারা দুনিয়া থেকে জাহিলিয়াতের অন্ধকার বিদূরিত করে হেদায়েতের আলোয় গোটা মানবতাকে উদ্ভাসিত করার জন্যে যার আবির্ভাব ছির একান্ত অপরিহার্য এবং যিনি ছিলেন কিয়ামত পর্যন্ত এই দুনিয়ায় বসবাসকারী সমগ্র মানুষের প্রতি বিশ্বপ্রভুর পরম আর্শিবাদ স্বরূপ।জন্মের আগেই এই মহামানবের পিতার ইন্তেকাল হয়েছিল। তাই দাদা আবদুল মুত্তালিব এর নাম রাখলেন মুহাম্মদ(স)।
শৈশবে লালন-পালন
সর্বপ্রথম হযরত(স)- এর স্নেহময়ী জননী আমিনা তাকে দুধ পান করান। দু-তিন দিন পর আবু লাহাবের বাঁদী সাওবিয়াও তাকে স্তন্য দান করেন। সে জামানার রেওয়াজ অনুযায়ী শহরের সম্ভান- লোকেরা তাদের সন্তান-সন্ততিকে দুধ পান করানো এবং তাদের লালন -পালনের জন্য গ্রামাঞ্চলে পাঠিয়ে দিতেন।সেখানকার খোলা আলো-হাওয়ায় তাদের স্বাস্থ্য ভালো হবে এবং তারা বিশুদ্ধ আরবী ভাষা শিখতে পারবে বলে তারা মনে করতেন।কেনা, আরবের শহরাঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলের ভাষা অধিকতর বিশুদ্ধ বলে ধারণা করা হতো।এই নিয়ম অনুযায়ী গ্রামের মেয়েরা শহরে এসে বড়ো বড়ো অভিজাত পরিবারের সন্তানদের লালন- পালনের জন্যে সঙ্গে নিয়ে যেতো।তাই হযরত(স)-এর জন্মের কয়েক দিন পরই হাওয়াযেন গোত্রের কতিপয় মহিলা শিশুর সন্ধানে মক্কায় আগমন করেন।এদের হালিমা সা’দিয়া নাম্নী এক মহিলাও ছিলেন। এই ভাগ্যবতী মহিলা অপর কোন বড়ো লোকের শিশু না পেয়ে শেষ পর্যন্ত আমিনার ইয়াতিম শিশু সন্তানকে নিয়ে ফিরে যেতে বাধ্য হন।

দু’বছর পর আমিনা তাঁর শিশু পুত্রকে ফেরত নিয়ে আসেন । এর কিছুদিন পর মক্কায় মহামারী বিস্তার লাভ করলো। তাই আমিনা তাকে আবার গ্রামে পাঠিয়ে দিলেন ।সেখানে তিনি ছয় বছর পর্যন্ত অতিবাহিত করেন ।

হযরত (স)- এর বয়স যখন ছ’ বছর, তখন আমিনা তাকে নিয়ে মদিনায় গমন করেন সম্ভবত স্বামীর কবর জিয়ারত অথবা কোন আত্মীয়ের সঙ্গে দেখা-সাক্ষাত করার জন্যে তিনি এই সফরে বের হন।মদিনায় তিনি প্রায় এক মাস কাল অবস্থান করেন। কিন্তু ফিরবার পথে আরওয়া নামক স্থানে তিনি মৃত্যু বরণ করেন এবং সেখানেই চিরতরে সমাহিত হন।

আম্মার মৃত্যুর পর হযরত(স)-এর লালন-পালন ও দেখা শোনার ভার দাদা আবদুল মুত্তালিবের ওপর অর্পিত হয়। তিনি হামেশা তাকে সঙ্গে-সঙ্গে রাখতেন।হযরত(স)- এর বয়স যখন আট বছর,তখন দাদা আবদুল মুত্তালিবও মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি হযরত(স)-এর লালন পালনের ভার পুত্র আবু তালিবের ওপর ন্যস্ত করে যান। তিনি এই মহান কর্তব্য অতীব সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করেন। আবু তালিব এবংআবদুল্লাহ (হযরতের পিতা)সহোদর ভাই ছিলেন।এদিক দিয়েও হযরত(স)- এর প্রতি আবু তালিবের গভীর মমত্ব ছিল।তিনি নিজের ঔরসজাত সন্তানদের চাইতেও হযরত(স)-কে বেশি আদায় যত্ন করতেন।শোবার কালে তিনি হযরত(স)-কে সঙ্গে নিয়ে শুইতেন;বাইরে বেরুবার সময়ও তিনি তাকে সঙ্গে নিয়ে বেরুতেন।

হযরত(স)-এর বয়স যখন দশ-বারো বছর, তখন তিনি সমবয়স্ক ছেলেদের সঙ্গে মাঠে ছাগলও চরান।আরবে এটাকে কোন খারাপ কাজ বলে মনে করা হতো না।ভালো ভালো সম্ভান্ত ঘরের ছেলেরাও তখন মাঠে ছাগল চরাতো।

আবু তালিব ব্যাবসায় করতেন। কুরাইশদের নিয়ম অনুযায়ী বছরে একবার তিনি সিরিয়া যেতেন।হযরত(স)-এর বয়স তখন সম্ভবত বারো বছর; এসময় একবার আবু তালিব সিরিয়া সফরের ইরাদা করলেন।সফরকালীন কষ্টের কথা স্মরণ করে তিনি হযরত(স)-কে সঙ্গে তিনি অনিচ্ছুক ছিলেন। কিন্তু হযরত(স)-এর প্রতি তার অত্যন্ত প্রগাঢ় মমতা ছিল; তাই সফরে রওয়ানা করার সময় তার সঙ্গে যাবার জন্যে হযরত(স) পীড়াপীড়ি শুরু করলে আবু তালিব তার মনে আঘাত দিতে পারলেন না।তিনি হযরত(স)-কে সঙ্গে নিয়ে গেলেন।
নবুয়্যাতের আগে
ফুজ্জারে যুদ্ধ
ইসলাম-পূর্বযুগে আরবদের মধ্যে এক সুদীর্ঘ ও অসমাপ্য ধারা বর্তমান ছিল। এর ভেতর সবচেয়ে ভয়ংকর ও মশহুর ছিল ফুজ্জারের যুদ্ধ।এই যুদ্ধ কুরাইশ ও কায়েস গোত্রসমূহের মধ্যে সংঘটিত হয়।এতে কুরাইশদের ভূমিকা ছির সম্পূর্ণ ন্যায়ানুগ ;তাই হযরত(স) ও কুরাইশদের পক্ষ থেকে এতে অংশগ্রহণ করেন।কিন্তু তিনি করো ওপর আঘাত হানেন নি এ যুদ্ধে প্রথমে কায়েস এবং পরে কুরাইশরা জয়লাভ করে। শেষ অবধি সন্ধি মারফত এর পরিসমাপ্তি ঘটে।
হিলফুল ফুযুল
এভাবে অনবরত যুদ্ধ-বিগ্রহের ফলে আরবের শত শত পরিবার ধ্বংস হয়ে যাচ্ছিল ।লোকদের না ছিল দিনের বেলায় কোন স্বস্তি আর নাছিল রাত্রে কোন আরাম।ফুজ্জারের যুদ্ধের পর এই পরিস্থিতিতে অতিষ্ঠ হয়ে কিছু কল্যাণকামী লোক এর প্রতিকারের জন্যে একটা আন্দোলন শুরু করেন।হযরত(স)-এর চাচা জুবাইর ইবনে আবদুল মুত্তালিব পরিস্থিতি দ্রুত শোধরাবার জন্যে বাস্তব ধর্মী কাজের প্রস্তাব নিয়ে এগিয়ে এলেন।এর কিছু দিন পর কুরাইশ খান্দানের নেতৃস্থানীয় ব্যক্তিগন জমায়েত হয়ে নিম্নোক্ত চুক্তি সম্পাদন করেনঃ ১.আমরা দেশ থেকে অশান্তি দূর করবো।
২.পথিকের জান-মালের হেফাজত করবো।
৩.গরীবদের সাহায্য করতে থাকবো।
৪.মজলুমের সহায়তা করে যাবো।
৫.কোনো জালেমকে মক্কায় আশ্রয় দেব না।
এই চুক্তিতে হযরত(স) ও অংশগ্রহণ করেন এবং তিনি অত্যন্ত আনন্দিত হন।নবুয়্যাতের জামানায় এ চুক্তি সম্পর্কে তিনি মন্তব্য করেন :আমাকে ঐ চুক্তির বদলে যদি একটি লাল রং-এর মূল্যবান উটও দেয়া হতো, তবু তা আমি কবুল করতাম না।আজো যদি কেউ এরুপ চুক্তির জন্যে আমাকে আমন্ত্রণ জানায়, তাতে সাড়া দিতে আমি প্রস্তুত।
কা’বা গৃহের সংস্কার
তখন কা’বা গৃহের শুধু চারটি দেয়াল বিদ্যমান ছিল। তার ওপর কোনো ছাদ ছিল না।দেয়ালগুলোও বড়জোর মানুষের দৈর্ঘ্য সমান উঁচু ছিল।পরন্ত গৃহটি ছিল খূব নীচু জায়গায়। শহরের সমস্ত পানি গড়িয়ে সেদিকে যেতো।ফলে পানি প্রতিরোধ করার জন্যে বাঁধ দেয়া হতো। কিন্তু পানির চাপে বাঁধ বারবার ভেঙ্গে যেতো এবং গৃহ প্রাঙ্গনে পানি জমে উঠতো। এভাবে গৃহটি দিন দিন ক্ষতিগ্রস্থ হচ্ছিল। তাই গৃহটি ভেঙ্গে ফেলে একটি নতুন মজবুত গৃহ নির্মাণের সিদ্ধান্ত নেয়া হল। সমগ্র কুরাইশ খান্দান মিলিতভাবে নির্মাণ কাজ শুরু করলো । কেউ যাতে এ সৌভাগ্য থেকে বঞ্চিত না হয় , সেজন্য বিভিন্ন গোত্রের লোকেরা গৃহের বিভিন্ন অংশ ভাগ করে নিলো।কিন্তু কা’বা গৃহের দেয়ালে যখন ‘হাজরে আসওয়াদ’ স্থাপনের সময় এলো তখন বিভিন্ন গোত্রের মধ্যে তুমুল ঝগড়া বেধে গেলো।প্রত্যেক গোত্রই দাবি করছিল যে, এ খেদমতটি শুধু তারাই আঞ্জাম দেবার অধিকারী্‌ অবস্থা এতদূর গড়ালো যে, অনেকের তলোয়ার পর্যন্ত কোষমুক্ত হলো। চারদিন পর্যন্ত এই ঝগড়া চলতে থাকলো। পঞ্চম দিন আবু উম্মিয়া বিন মুগিরা নামক এক প্রবীণ ব্যক্তি প্রস্তাব করেন যে,আগামীকাল প্রত্যুষে যে ব্যক্তি এখানে সবার আগে হাজির হবে,এর মিমাংসার জন্যে তাকেই মধ্যস্থ নিয়োগ করা হবে। সে যা সিদ্ধান্ত করবে, তাই পালন করা হবে। সবাই এ প্রস্তাব মেনে নিলো।

পরদিন আল্লাহর কুদরতে সর্বপ্রথম যে ব্যক্তির ওপর সবার নজর পড়লো, তিনি ছিলেন রাহমাতুল্লিল আলামিন হযরত মুহাম্মাদ(স)। ফয়সালা অনুযায়ী তিনি হাজরে আসওয়াদ স্থাপন করতে ইচ্ছুক প্রতিটি খান্দান কে একজন করে প্রতিনিধি নির্বাচন করতে বললেন্ ।অতঃপর একটি চাদর বিছিয়ে তিনি নিজ হাতে পাথরটিকে তার ওপর রাখলেন এবং বিভিন্ন গোত্রের প্রতিনিধিগণকে চাদরের প্রান্ত ধরে পাথরটিকে ওপরে তুলতে বললেন। চাদরটি তার নির্দিষ্ট স্থান বরাবর পৌছলে হাজরে আসওয়াদকে যথাস্থানে স্থাপন করলেন। এভাবে তিনি একটি সংঘর্ষের সম্ভাবনা বিনষ্ট করে দিলেন। এ সংঘর্ষে কতো খুন-খারাবী হতো,কে জানে!

এবার কা’বার যে নয়া গৃহ নির্মিত হলো,তার ওপর যথারীতি ছাদও দেয়া হলো;কিন্তু পুরো ভূমির গৃহ নির্মাণের উপযোগী উপকরণ না থাকায় এক দিকের ভূমি কিছুটা বাইরে ছেড়ে দিয়ে নয়া ভিত্তি গড়ে তোলা হলো। এই অংশটিকেই এখন ‘হিত্তিম’ বলা হয়।
ব্যবসায়ে আত্মনিয়োগ
আরবদের, বিশেষত কুরাইশদের পুরানো পেশা ছিল ব্যবসায় হযরত(স)-এর চাচা আবু তালিবও একজন ব্যবসায়ী ছিলেন। এ কারণেই হযরত(স)-যখন যৌবনে পদার্পন করেন, তখনও তিনি ব্যবসায় কে অর্থোপার্জনের উপায় হিসাবে গ্রহণ করেন।কিশোর বয়সে চাচার সঙ্গে তিনি ব্যবসায় উপলক্ষে যে সফর করেন,তাতে তার যথেষ্ঠ সুখ্যাতি ছড়িয়ে পড়ে।এ ব্যাপারে তিনি লোকদের কাছে অত্যন্ত বিশ্বস্ত প্রতিপন্ন হলেন।লোকেরা তার ব্যবসায়ে অংশগ্রহণের উদ্দেশ্যে নিজ নিজ মূলধন তার কাছে জমা করতে লাগলো।পরন্ত ওয়াদা পালন,সদাচরণ ন্যায়পরায়ণতা,বিশ্বস্ততা ইত্যাদি কারণেও তিনি লোকদের অত্যন্ত শ্রদ্ধা অর্জন করলেন। এমনকি, লোকেরা তাকে ‘আস-সাদিক’(সত্যবাদী) ‘আল-আমীন’(বিশ্বস্ত) বলে সাধারণভাবে অভিহিত করতে লাগলো।ব্যবসায় উপলক্ষে তিনি সিরিয়া,বসরা, বাহরাইন ও ইয়েমেনে কয়েকবার সফর করেন।
খাদীজার সাথে বিবাহ
তখন খাদীজা নামে আরবে এক সম্ভ্রান্ত ও বিত্তশালী মহিলা ছিলেন।তিনি হযরত(স)- এর দূর সম্পর্কের চাচাতো বোন ছিলেন।প্রথম বিবাহের পর তিনি বিধবা হন এবং দ্বিতীয় বিবাহ করেন। কিন্তু কিছুদিন পর তার দ্বিতীয় স্বামীও মৃত্যুবরণ করেন এবং পুনরায় বিধবা হন।তিনি অত্যন্ত সম্মানিত ও সচ্চরিত্রের অধিকারী ছিলেন। লোকেরা তার চারিত্রিক বৈশিষ্ট্যে মুগ্ধ হয়ে তাকে ‘তাহিরা’(পবিত্রা) বলে ডাকতো।তার আগে ধন-দৌলত ছিল। তিনি লোকদের কে পুঁজি এবং পণ্য দিয়ে ব্যবসায় চালাতেন।

হযরত(স)-এর বয়স তখন পঁচিশ বছর। ইতোমধ্যে ব্যবসায় উপলক্ষে তিনি বহুবার সফর করেছেন। তার সততা,বিশ্বস্ততা ও সচ্চরিত্রের কথা জনসমাজে ছড়িয়ে পড়েছিল।তার এ খ্যাতির কথা শুনে হযরত খাদীজা তার কাছে এই মর্মে পয়গাম পাঠান : আপনি আমার ব্যবসায়ের পণ্য নিয়ে সিরিয়া গমন করুন। আমি অন্যান্যদের কে যে হারে পারিশ্রমিক দিয়ে থাকি, আপনাকেও তা-ই দেবো। হযরত(স)- তার এই প্রস্তাব কবুল করলেন এবং পণ্যদ্রব্য নিয়ে সিরিয়ার অন্তর্গত বসরা পর্যন্ত গমন করলেন।

খাদীজা হযরত(স)-এর অসামান্য যোগ্যতা ওঅতুলনীয় চারিত্রিক বৈশিষ্ট্যে মুগ্ধ হয়ে প্রায় তিন মাস পর তার কাছে বিয়ের পয়গাম প্রেরণ করেন। হযরত(স)-তার পয়গাম মন্‌জুর করলেন এবং বিয়ের দিন-ক্ষণও নির্ধারিত হলো। নির্দিষ্ট দিনে আবু তালিব, হযরত হামযা এবং খান্দানের অপরাপর বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে হযরত(স) খাদীজার বাড়িতে উপস্থিত হলেন। আবু তালিব বিয়ের খোতবা পড়লেন। পাঁচ শো তালায়ী দিরহাম (স্বর্ণ-মুদ্রা) বিয়ের মোহরানা নির্ধারিত হলো।

বিবাহকালে হযরত খাদীজার বয়স চল্লিশ বছর এবং তার পূর্বোক্ত দুই স্বামীর ঔরসজাত দুই পুত্র ও এক কন্যা ছিল।
অসাধারণ ঘটনাবলী
দুনিয়ায় যতো বিশিষ্ট লোকের আবির্ভাব ঘটে তাঁদের জীবনে শুরু থেকেই অসাধারণ কিছু নিদর্শনাবলী লক্ষ্য করা যায় । এ দ্বারা তাঁদের উজ্জ্বল ভবিষ্যতের কথা সহজেই অনুমান করা চলে । একথা অবশ্য এমন সব লোকের বেলায়ই প্রযোজ্য,যারা পরবর্তী কালে কোন বিশেষ খান্দান,কওম বা দেশের উল্লেখযোগ্য সংস্কার সাধন করে থাকেন। কিন্তু যে মহান সত্তাকে কিয়ামত অবধি সারা দুনিয়ার নেতত্বের জন্যে সৃষ্টি করা হয়েছে এবং যাকে মানব জীবনের প্রতিটি দিক ও বিভাগের পূর্ণ সংস্কারের জন্যে প্রেরণ করা হয়েছে,তার জীবন-সূচনায় এমন অসাধারণ নিদর্শনাবলী তো প্রচুর পরিমাণে দৃষ্টিগোচর হওয়ায় স্বাভাবিক। তাই স্বভাবই তার জীবনী গ্রন্থগুলোয় এ ধরণের নিদর্শনাবলীর প্রচুর উল্লেখ দেখা যায়। কিন্তু যে সকল ঘটনা প্রামাণ্য বিশুদ্ধ রেওয়ায়েতসহ উল্লিখিত হয়েছে, তার কয়েকটি নিম্নে উদ্ধৃত হলোঃহযরত(স) বলেছেনঃ ‘আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, তখন তিনি স্বপ্নে দেখেন যে, তার দেহ থেকে একটি আলো নির্গত হয়েছে এবং তাতে সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেছে।’বহু রেওয়ায়েত থেকে এ-ও জানা যায় যে, তখন ইহুদী ও খ্রিষ্টান এক নতুন নবীর আগমন প্রতিক্ষায় ছিল এবং এ ব্যাপারে তারা নানা রকম ভবিষ্যত বাণী করেছিল।

রাসূল (স)-এর বাল্যকালের একটি ঘটনা। তখন কা’বা গৃহ কিছুটা সংস্কার কার্য চলছিল এবং এ ব্যাপারে বড়োদের সাথে ছোট ছোট ছেলেরাও ইট বহণ করে নিয়ে যাচ্ছিল।এই ছেলেদের মধ্যে হযরত (স) এবং চাচা হযরত আব্বাসও ছিলেন। হযরত আব্বাস তাকে লক্ষ্য করে বললেনঃ‘তোমার লুঙ্গি খূলে কাঁধের ওপর নিয়ে নাও, তাহলে ইটের চাপে ব্যথা পাবে না।’তখন তো বড়োরা পর্যন্ত নগ্ন হতে লজ্জানুভব করতো না।কিন্তু হযরত(স) যখন এরুপ করলেন, নগ্নতার অনুভূতিতে সহসা তিনি বেহঁশ হয়ে পড়লেন।তার চোখ দুটো ফেটে বের হয়ে যাবার উপক্রম হলো। সম্ভিত ফিরে এলে তিনি শুধু বলতে লাগলেনঃ“আমার লুঙ্গি আমার লুঙ্গি ”। লোকেরা তাড়াতাড়ি তাকে লুঙ্গি পরিয়ে দিল। কিছুক্ষণ পর আবু তালিব তার অবস্থা জানতে চাইলে তিনি বললেনঃ‘আমি সাদা কাপড় পরিহিত এক লোককে দেখতে পাই। সে আমাকে বললো, শিগগির সতর আবৃত কর।’সম্ভবত এই প্রথম হযরত(স) গায়েবী আওয়াজ শুনতে পান।

আরবে তখন আসর জমিয়ে কিসসা বরার একটা কুপ্রথা চালু ছিল। লোকেরা রাত্রি বেলায় কোন বিশেষ স্থানে জমায়েত হতো এবং কাহিনীকাররা রাতের পর রাত তাদের নানারুপ উদ্ভট কিস্‌সা-কাহিনী শোনাতো।বাল্য বয়সে হযরত(স)একবার এই ধরণের আসরে যোগদান করার ইরাদা করেন।কিন্তু পথিমধ্যে একটা বিয়ে মজলিস দেখার জন্যে তিনি দাঁড়িয়ে যান এবং পরে সেখানেই ঘুমিয়ে পড়েন। অতঃপর চোখ মেলে দেখেন যে ভোর হয়ে গেছে। এরুপ তার জীবনে আরো একবার সংঘটিত হয়। এভাবে আল্লাহ তা’আলা তাকে কুসংসর্গ থেকে রক্ষা করেন।

রাসূল(স) যে যুগে জন্মগ্রহণ করেন, তখন মক্কা মূর্তি-পূজার সবচেয়ে বড়ো কেন্দ্রস্থলে পরিণত হয়েছিল।খোদ কা’বা গৃহে তখন তিন শ’ ষাটটি মূর্তির পূজা হতো এবং তার নিজ খান্দানের লোকেরা অর্থাৎ কুরাইশরাই তখন কা’বার মুতাওয়াল্লী বা পূজারী ছিলেন।কিন্তু এতদ সত্ত্বও হযরত(স) কোনদিন মূর্তির সামনে মাথা নত করেন নি এবং সেখানকার কোন মুশরিকী অনুষ্ঠানেও অংশ নেন নি। এছাড়া কুরাইশরা আর যে সব খারাপ রসম-রেওয়াজে অভ্যস্ত ছিল, তার কোন ব্যাপারে হযরত(স) কোনদিন তার খান্দানের সহযোগিতা করেন নি।
Read More ... »

Wednesday, October 14, 2009

ইমাম হাসান (আ)

ইসলামের ইতিহাসে পণেরোই রমযান একটি ঐতিহাসিক দিন, আনন্দের দিন । কারণ তৃতীয় হিজরীর এই দিনে জন্মগ্রহণ করেছিলেন নবী নন্দিনী হযরত ফাতেমাতুয যাহরা ( সা ) এর বড় সন্তান ইমাম হাসান ( আ )।
বিশ্বব্যাপী রমযান আসে রহমত,মাগফেরাত আর নাজাতের শুভবার্তা নিয়ে। আর হযরত আলী ( আ ) গৃহে এই রমযান এসেছে আরো একটি খুশির আমেজ নিয়ে। এই খুশি কোরআনের বসন্তে নবজাতকের সুরেলা কান্নার খুশি। এই খুশি হযরত ফাতেমা ( সা ) এর মাধ্যমে নবীবংশের বিস্তারের খুশি। এই খুশি বিশ্বমানবতার জন্যে সঠিক পথে পরিচালিত হবার দিক-নির্দেশকের শুভজন্মের খুশি। রমযান তাই আমাদের জন্যে এই সুসংবাদটি নিয়ে হাজির হয় প্রতি বছর। পণেরোই রমযানকে তাই আমরা বিশেষভাবে উদযাপন করবো। ইমাম হাসান ( আ ) এর জীবনাদর্শ থেকে শিক্ষা নিয়ে সেগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবো। রমযানের মহাবরকতময় দিনগুলোর ঠিক মাঝখানে আমরা ইমামের জীবনের একটি বৈশিষ্ট্যকে অনুসরণ করতে পারি। বৈশিষ্ট্যটি হলো তিনি ছিলেন অসম্ভব দানশীল। তাঁর দানশীলতার বৈশিষ্ট্যটি অনুসরণ করার মধ্য দিয়ে আমরাও ব্যাপকভাবে উপকৃত হতে পারি।
ইমাম হাসান ( আ ) অসহায়-বঞ্চিতদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন ব্যাপকভাবে। জনগণের প্রতি দয়া-দাক্ষিণ্য এবং পুণ্যের পথে তিনি সকল সুযোগ-সুবিধাগুলোকে কাজে লাগিয়েছেন। তাঁর দানের বিষয়টি ইতিহাস খ্যাত। ইতিহাসে এসেছে- ইমাম হাসান (আ) তাঁর জীবনে দুইবার নিজের সকল সহায়-সম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছিলেন। বেশ কয়েকবার নিজের অর্থ-সম্পদের অর্ধেকটা গরীব-অসহায়দের দান করেছেন। রমযান মাসে আমরা তাঁর প্রতি শ্রদ্ধাস্বরূপ গরীব-অসহায়দের প্রতি যদি সদয় দৃষ্টি দেই তাহলে রমযানের কল্যাণে আমাদের দানের মর্যাদাও বহুগুণ বৃদ্ধি পাবে নিঃসন্দেহে।
ইমাম হাসান ( আ ) এর জীবনের আরেকটি বিশেষ গুণ আমরা চর্চা করতে পারি,তাহলো গর্ব-অহংকারহীনতা। রমযান মাসে এই শিক্ষাটি আমাদের সবার জন্যেই মঙ্গলজনক। একদিন ইমাম হাসান ( আ ) তাঁর চলার পথে কিছু ফকীরকে দেখতে পেলেন দরিদ্রসুলভ দস্তরখান পেতে রুটির টুকরো চিবিয়ে ক্ষুধা নিবারণ করছে। তারা ইমামকে দেখে বললোঃ হে রাসূলের সন্তান! আসুন ! আমাদের সাথে আহার করুন! ইমাম দ্বিধাহীন চিত্তে পরিপূর্ণ আগ্রহ ও উৎসাহের সাথে তাদের আমন্ত্রণ গ্রহণ করলেন এবং দ্রুত ঘোড়ার পিঠ থেকে নেমে এসে তাদের সাথে বসে পড়লেন। বসেই তিনি বললেন-আল্লাহ অহংকারীদের ভালোবাসেন না-এই বলে তিনি ফকিরদের সাথে আহার করতে শুরু করলেন। না,কেবল খেলেনই না, বরং তাদেরকে নিজের বাসায় দাওয়াতও করলেন। অতিথি ফকিরগণ যখন ইমামের বাসায় এলেন, ইমাম হাসান তাদেরকে খুব ভালোভাবে গ্রহণ করলেন এবং তাদের মেহমানদারি করলেন। সেইসাথে তাদের সবাইকে নতুন জামা-কাপড়ও উপহার দিলেন।
এই যে ছোট্ট ঘটনাটি,এতে আমাদের জন্যে বেশ কয়েকটি শিক্ষা রয়েছে। প্রথম শিক্ষাটি হলো মানুষকে মানুষ হিসেবেই যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। অর্থ-সম্পদের দিক থেকে শ্রেণীবিন্যস্ত করে কাউকে মূল্যায়ন করা ঠিক নয়। আমাদের সমাজের দিকে তাকালে এর দৈন্যতার ভয়াবহ চিত্র লক্ষ্য করা যাবে। এ থেকে আমাদের বিরত থাকতে হবে। মনে রাখতে হবে পৃথিবীর প্রতিটি মানুষই আল্লাহর সৃষ্টি। ফলে আল্লাহর সৃষ্টিকে সমানভাবে ভালোবাসতে হবে। গরীবদেরকে গরীব হবার কারণে তুচ্ছ-তাচ্ছিল্য করা ঠিক নয়। কী অদ্ভুত কাণ্ড! আমরা কি কখনো একজন ফকিরকে বাড়িতে দাওয়াত করে খাইয়েছি ! অথচ একজন গরীবকে দাওয়াত করে খাওয়ালে সেই গরীব লোকটি নিজের মর্যাদা উপলব্ধি করে আপনার প্রতি শ্রদ্ধায় বিগলিত হয়ে কান্নায় ভেঙ্গে পড়তো। উপরন্তু তাকে যদি কিছু উপহার দান করেন তাহলে তো কথাই নেই। মনের গভীর থেকে সে আপনার জন্যে দোয়া করবে। রমযান মাসে ইমামের সম্মানে এই অনুশীলনটি করা যেতে পারে।
এখানে আরো যে গুরুত্বপূর্ণ বিষয়টির শিক্ষা রয়েছে,তাহলো নিরহঙ্কারী হওয়া। গর্ব-অহংকারবিহীন জীবন গড়ে তোলা আমাদের জন্যে খুবই জরুরি। আসলে আমাদের গর্ব করার মতো আছেটাই বা কী! এই পৃথিবীর কোনো কিছুইতো আমার নিজের নয়। যতো ধন-সম্পদ,জ্ঞান-গরিমা সবই তো আল্লাহ দয়া করে আমাদের দান করেছেন। ফলে সবই তো আল্লাহর। এই চিন্তাটি যদি আমাদের মাথায় কাজ করে তাহলে নিজের যতো বিত্ত-বৈভবই থাকুক না কেন,তা যে আমার নয়,সে ব্যাপারে আমাদের বিশ্বাস বেড়ে যাবে অর্থাৎ ঈমানী শক্তি বৃদ্ধি পাবে। তখন দেখা যাবে আমার সাথে আর ঐ ফকির লোকটির সাথে তেমন কোনো পার্থক্য নেই। তাই বড়াই করার মতো কোনো কিছু আর অবশিষ্ট থাকবে না। সেরকমই দৃষ্টান্ত রেখে গেছেন ইমাম হাসান ( আ )।
সর্বোপরি মানুষকে ভালোবাসতে হবে অন্তর থেকে। তথাকথিত রাজনীতিকদের মতো নয়,যারা ভালোবাসার আনুষ্ঠানিকতা দেখায়। গরিবদের প্রতি বাহ্যিকভাবে ব্যাপক আনুকূল্য দেখায় ভোটের জন্যে, আর ভোটে জেতার পর সেই গরীব লোকদের হক বা অধিকার ভূলুণ্ঠিত করে। তাদের জন্যে বরাদ্ধকৃত বিভিন্ন বস্তুসামগ্রী,অর্থ-সম্পদ ইত্যাদি খেয়ে দোযখের মতো বিশাল উদর পূর্তি করে। বরং ভালোবাসতে হবে ইমাম হাসান ( আ ) এর মতো। শ্রেণীভেদে সবার সাথে মিশে গিয়ে একাকার হয়ে যেতে হবে। তাদের ভালোবাসতে হবে নিজের ভাইয়ের মতো করে। তাহলে আল্লাহও আপনাকে ভালোবাসবেন। রমযানের পবিত্রতম দিনগুলোতে আমরা ইমাম হাসান ( আ ) এর প্রতি শ্রদ্ধা দেখিয়ে তাঁরি জীবনের এই অকৃত্রিম আদর্শগুলো চর্চা করার চেষ্টা করবো ইনশা আল্লাহ।
রাসূলে খোদা ( সা ) আল্লাহর ইচ্ছায় নবজাতকের নাম রাখলেন হাসান। হাসান ইবনে আলী ( আ ) নবীজীর স্নেহ-আদরের ছায়ায় সাতটি বছর কাটাবার সুযোগ লাভ করেছেন। শৈশবের সেই সোনালী দিনগুলোতে রাসূলে খোদার দুর্লভ সান্নিধ্য ও সাহচর্য ছিল হাসান (আ) এর জীবনের অমূল্য অর্জন। নানাজির মতো বিশ্বমানবতার শ্রেষ্ঠ ব্যক্তিত্বের অস্তিত্বের নূরে তাঁর হৃদয়মন নুরান্বিত হয়েছিল,সমৃদ্ধ হয়েছিল-যা মানবিক পরিপূর্ণতার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ রকম দুর্লভ সৌভাগ্য নবীজীর সন্তানদের ললাটেই বেশিরভাগ জুটেছে,যা একদিকে যেমন প্রশান্তি ও সমৃদ্ধির অপরদিকে মহা আনন্দের বিষয়।
ইতিহাসে এসেছে ইমাম হাসান মুজতবা ( আ ) দেখতে রাসূলে খোদা ( সা ) এর মতো ছিলেন। চেহারায় রাসূলের সাথে খুব বেশি মিল ছিল তাঁর। নবীজীও ভীষণরকম আদর করতেন তাঁকে। ইমাম হাসান ( আ ) ও নানাকে খুব বেশি পছন্দ করতেন। নবীজী তো নিয়মিত মদিনার মসজিদে যেতেন,বক্তব্য রাখতেন। ইমাম হাসানও প্রতিদিন যেতেন মসজিদে নানার সুমিষ্ট ও মূল্যবান বাণী শোনার জন্যে। ইমাম যখন ছোট্ট,তখনই নানার মুখের ওহীসমৃদ্ধ কথাগুলো বুঝতে পারতেন এবং বাসায় ফিরে নবীজীর মূল্যবান শিক্ষাগুলোকে মায়ের কাছে বর্ণনা করতেন।
ইমাম হাসান ( আ ) কিন্তু ছোট্টবেলা থেকেই সুন্দর করে কথা বলতেন। ইমামের সমকালীন এক ব্যক্তি,তাঁর নাম ছিল উমায়েদ ইবনে ইসহাক,তিনি ইমাম হাসান ( আ ) এর কথা বলার সৌন্দর্য সম্পর্কে বলেছেনঃ হাসান ইবনে আলী ( আ ) যখন কথা বলতেন,তখন অনুরোধ করতাম যেন বক্তব্য অব্যাহত রাখেন। আমি তাঁর কথা শুনে ভীষণ উৎফুল্ল হতাম,তৃপ্ত হতাম। তাঁর পবিত্র মুখে রূঢ় কোনো শব্দ উচ্চারিত হতে কখনোই শুনি নি। সেই ছোট্ট বেলাতেই ইমাম হাসান ধর্মীয় বিষয়-আশয়ে বেশ জ্ঞান রাখতেন। নবীজী এবং হযরত আলী ( আ ) হাসান ( আ ) এর এই জ্ঞান সম্পর্কে জানতেন। সেজন্যে তাঁরা ধর্মীয় নিয়ম-নীতি সম্পর্কে জনগণ প্রশ্ন করলে তার জবাবের জন্যে মাঝেমাঝে হাসান ( আ ) এর কাছে পাঠাতেন। আর ইমাম হাসানও অত্যন্ত দৃঢ়তা এবং যোগ্যতার সাথে জনগণের প্রশ্নের যথার্থ জবাব দিতেন।
হাসান ইবনে আলী ( আ ) এর স্বভাব-প্রকৃতিতেই একটা অভিজাত ও মহানুভব ভাব ছিল সুস্পষ্ট। যে-ই তাঁকে দেখতো মানসিক প্রশান্তি ও তৃপ্তিবোধ করতো,এককথায় তাঁকে ভালো লাগতো সবার। জালালুদ্দিন সুয়ূতি তাঁর ইতিহাস গ্রন্থে লিখেছেন-হাসান ইবনে আলী ( আ ) এর চারিত্রিক মাধুর্য এবং মানবিক গুণাবলী ছিল প্রচুর। তিনি ছিলেন মহৎ, নম্র ও সহিষ্ণু চরিত্রের অধিকারী এবং মর্যাদাপূর্ণ ব্যক্তিত্ব ও ঔদার্যের অধিকারী। জনগণের কাছে তিনি ছিলেন ভীষণ প্রশংসনীয়।
হে ইমাম ! বিষের পেয়ালায় চুমু দিয়ে আমাদের করেছো ঋণীআমরা তোমার পদাঙ্ক দেখে দেখে এগিয়ে চলেছিসামনের দিকে , কিন্তু কোথায় তুমি , মরুঝড় এসে বুঝি মুছে দিলো তোমার পদচিহ্নএবার কীকরে পাবো সত্যের নাগাল !রাতের আঁধারে দূর আকাশে জ্বলজ্বলে একটি তারাপথ দেখালো শেষে , যার আলোয় জ্বলমানবেহেশতের যুবনেতার নাম - ইমাম হাসান !
Read More ... »

মানবাধিকারের রক্ষক সেজেছে মানবাধিকার লংঘনকারী পশ্চিমারা

বর্তমান সময়ে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মানবাধিকার একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে এবং বিশ্বের প্রতিটি দেশ মানবাধিকার রক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। এছাড়া একটি দেশকে কোন কারণে অভিযুক্ত করতে চাইলে তার বিরুদ্ধে খুব সহজেই যে অভিযোগটি আনা হয় তা হচ্ছে মানবাধিকার লংঘন। বিশ্বের তিন চতুর্থাংশ দেশ মানবাধিকার সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষর করেছে এবং বাকি এক চতুর্থাংশ দেশ ঐ কনভেনশনে স্বাক্ষর না করলেও এর ধারাগুলো মেনে চলার চেষ্টা করছে। এখনো মানবাধিকার সম্পর্কে সুনির্দিষ্ট কোন সংজ্ঞার ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত গৃহিত না হলেও সার্বিকভাবে মানবাধিকার রক্ষার ব্যাপারে সকল দেশ কমবেশী চেষ্টা করছে। এদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, বৃটেন, কানাডা ও ফ্রান্স নিজেদেরকে মানবাধিকারের রক্ষক বলে দাবি করে এবং বিভিন্নভাবে এ দাবির যথার্থতা প্রমাণের চেষ্টা করতেও ভুল করে না।
এসব দেশ তাদের নিয়ন্ত্রিত প্রভাবশালী গণমাধ্যমকে কাজে লাগিয়ে বিশ্বব্যাপী এমন একটা ধারণা তৈরি করে দিয়েছে যে, এসব পশ্চিমা দেশ মানবাধিকারের লালনভূমি। পশ্চিমা দেশগুলো এমন সময় নিজেদের মানবাধিকারের ধ্বজাধারী বলে দাবি করছে যখন ঐসব দেশে কিংবা ঐসব দেশের নাগরিক ও সামরিক বাহিনীর সদস্যদের দ্বারা জঘন্যতম পন্থায় মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। কিন্তু গণমাধ্যম নিজেদের হাতে থাকায় তারা এসব মানবাধিকার লংঘনের ঘটনা অতি সাধারণ বিষয় হিসেবে তুলে ধরছে এবং অন্য কোন দেশের অতি সাধারণ ঘটনাকে মানবাধিকার লংঘন বলে হৈ চৈ ফেলে দিচ্ছে। পশ্চিমা দেশগুলো বিশ্বের স্বাধীনচেতা দেশগুলোর ওপর চাপ সৃষ্টির জন্য মানবাধিকারকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর পাশাপাশি এসব পশ্চিমা দেশের অনেক সংগঠনও তাদের দেশগুলোতে মানবাধিকার লংঘনের অসংখ্য চিত্র তুলে ধরেছে। এখানে আমরা অতি সংক্ষেপে মানবাধিকারের ধ্বজাধারী দেশগুলোতে মানবাধিকার লংঘনের চিত্র তুলে ধরবো।
মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতির ওপর একটি প্রতিবেদন প্রকাশ করে। কিন্তু ঐ প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ মানবাধিকার পরিস্থিতির ওপর দৃষ্টিপাত করা হয় না। অথচ যুক্তরাষ্ট্রে খুন, ধর্ষণসহ এ ধরনের অপরাধ উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। কিন্তু মার্কিন কর্মকর্তাদের চোখে এসব ঘটনা যেন কোন অপরাধই নয়। অতি সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক দম্পতি কর্তৃক ১১ বছরের এক বালিকাকে অপহরণ এবং তাকে ১৮ বছর যাবৎ যৌন-দাসী হিসেবে ব্যবহার করার খবর প্রকাশিত হয়েছে। ১৯৯১ সালে নিজ বাড়ির সামনে থেকে অপহৃত হয়েছিলো জায়সী লি ডুগার্ড। জায়সীর বয়স বর্তমানে ২৯ বছর এবং গত ১৮ বছর ধরে তাকে সান ফ্রান্সসিস্কো থেকে ৫০ মাইল দূরে অবস্থিত গ্যারিডোর বাড়ির পেছনে একটি তাবুতে আটক রাখা হয়েছিলো। ঐ তাবুতে জয়সীর ওপর উপর্যপুরি শারিরীক নির্যাতন চালানো হয়েছে এবং অপহরণকারী উগ্রবাদী খ্রীস্টান গ্যারিডোর মাধ্যমে জায়সী ১৫ ও ১১ বছরের দুই কন্যা সন্তানের মা হয়েছে। গ্যারিডো স্বীকার করেছে যে, সে ১৯৯১ সালে জায়সীকে অপহরণ করেছিলো। ধর্ষণের মাধ্যমে সন্তান জন্ম দিয়েই গ্যারিডো ক্ষান্ত হয় নি, ঐ দুটি অবুঝ সন্তানকে সে কোনদিনই ডাক্তারের কাছে নিয়ে যায় নি এবং লেখাপড়ার সুযোগ থেকেও তাদের বঞ্চিত রেখেছে।
যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক গণমাধ্যম এই লোমহর্ষক ঘটনাটি এমনভাবে বর্ণনা করেছে, যেন কিছুই ঘটে নি। জীবনের গোপন রহস্যগুলো বুঝে ওঠার আগেই ১১ বছরের একটি মেয়ের ওপর এতবড় পাশবিক অত্যাচার চাপিয়ে দেয়া হলেও সেখানে মানবাধিকার লংঘনের লেশমাত্র খুঁজে পায়নি পশ্চিমা গণমাধ্যম বা সরকারগুলো। এর আগে অস্ট্রেলিয়ার এক ইহুদীবাদী তার নিজের মেয়েকে বছরের পর বছর নিজ বাড়ির গোপন কক্ষে আটকে রেখে ধর্ষণ করেছে বলে খবর বেরিয়েছিলো। নিজের মেয়ের গর্ভে তার অনেকগুলো সন্তানও রয়েছে। পুলিশের হাতে ধরা পড়ার পর সে তার অপরাধগুলো অকপটে স্বীকার করেছে। ঐ ঘটনাটি দীর্ঘদিন ধরে পশ্চিমা গণমাধ্যমে শীর্ষ খবর হিসেবে ছাপা হয়েছে। কিন্তু ঐ খবরের প্রকাশভঙ্গিও এমন ছিলো যে আর দশটা অপরাধের মতো এটিও একটি অতি সাধারণ অপরাধ এবং তেমন কোন মানবাধিকারই লঙ্ঘিত হয় নি। এছাড়া ইরাক, আফগানিস্তান ও গুয়ান্টানামো বন্দী শিবিরসহ বিশ্বের বিভিন্ন স্থানে মার্কিন সেনাদের লোমহর্ষক ও পাশবিক নির্যাতনের স্মৃতি বিশ্ববাসী কখনোই ভুলতে পারবে না। ঐসব নির্যাতন যে এখন বন্ধ হয়ে গেছে তা নয়, বরং এ ধরনের নির্যাতনের খবর যাতে আর প্রকাশ হতে না পারে মার্কিন কর্তৃপক্ষ সে ব্যবস্থা নিয়েছে।
মানবাধিকার লংঘনের দিক দিয়ে সাম্রাজ্যবাদী বৃটেনও কোন অংশে যুক্তরাষ্ট্রের চেয়ে পিছিয়ে নেই। বৃটেনের পারিবারিক সহিংসতার ওপর গবেষণাকারী একজন সমাজবিজ্ঞানী বলেছেন, দেশটির অসংখ্য নারী তাদের স্বামীদের হাতে নির্যাতিত হলেও সে খবর কেউ রাখছে না। অনেক অভিবাসী নারী তাদের ওপর নির্যাতনের খবর ঘুনাক্ষরেও প্রকাশ করে না, কারণ তাতে করে তাদেরকে বৃটেন থেকে বহিস্কার করা হতে পারে। বৃটেনে যে শুধু অভিবাসী ও অবৃটিশ নারীরা ধর্ষণ ও নির্যাতনের শিকার হয় তা নয়। এক জরীপে দেখা গেছে, প্রতি ৪ বৃটিশ নারীর একজন তার পুরুষ সঙ্গীর দ্বারা শারিরীক নির্যাতনের শিকার হচ্ছে। বৃটেনে প্রতি সপ্তাহে ২ জন নারী খুন হচ্ছে এবং শতকরা ৯০ ভাগ ক্ষেত্রে খুনের সময় হতভাগ্য নারীর শিশুসন্তান খুনের ঘটনা প্রত্যক্ষ করছে। ইংল্যান্ডের লাইচেস্টার বিশ্ববিদ্যালয় পরিচালিত এক জরীপে দেখা গেছে, প্রতি ৫ বৃটিশ নারীর একজন জীবনের কোন না কোন সময়ে যৌন হয়রানির শিকার হয়েছে।
এদিকে বৃটেনে চলতি বছরের প্রথম ছয় মাসে পাঁচ বছরের কম বয়সী প্রায় পাঁচ'শ অভিবাসী শিশুকে বন্দি শিবিরে আটক রাখা হয়েছে বলে দেশটির ইমিগ্রেশন ও পাসপোর্ট বিভাগ জানিয়েছে। এসব শিশু দারিদ্র্যপীড়িত ও যুদ্ধ বিধ্বস্ত জিম্বাবুয়ে, সুদান, শ্রীলংকা ও কঙ্গোর মতো দেশগুলো থেকে তার অভিভাবকদের সাথে বৃটেনে প্রবেশ করেছিলো। বছরের প্রথম তিন মাসে ২২৫ টি শিশুকে মুক্তি দেয়া হলেও এর মধ্যে মাত্র এক'শ শিশু বৃটেন থেকে চলে গেছে। অধিকাংশ শিশুকেই চার সপ্তারও বেশি সময় ধরে আটক রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে আটকে রাখার কারণে কোমলমতি শিশুরা নানা মানসিক রোগে আক্রান্ত হচ্ছে বলে গার্ডিয়ান পত্রিকা খবর দিয়েছে।
মানবাধিকারের ধ্বজাধারী আরেক দেশের নাম কানাডা। দেশটি রাজনৈতিক আশ্রয় দেয়ার নামে এবং অন্যান্য অজুহাতে তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে প্রতি বছর হাজার হাজার অভিবাসী গ্রহণ করে। লোভনীয় প্রচার চালিয়ে কানাডাকে উন্নয়নশীল দেশগুলোর মানুষের কাছে ভূপৃষ্ঠের স্বর্গ হিসেবে তুলে ধরা হয়। কিন্তু কানাডায় যাওয়ার পর তারা চরম বর্ণবাদী আচরণের শিকার হয় অত্যন্ত অমানবিকভাবে তাদের অধিকার লংঘিত হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গত বছর 'কানাডায় মানবাধিকার লংঘন' শীর্ষক একটি বই প্রকাশ করেছে। বইটিতে কানাডায় মানবাধিকার লংঘনের যেসব অভিযোগ তুলে ধরেছে সেসবের মধ্যে রয়েছে আশ্রয় গ্রহণকারী ও অভিবাসী জনগোষ্ঠির অধিকার লংঘন, অভিবাসীদের ওপর পুলিশী হয়রনি ও নির্যাতন, নারী ও শিশুদের ওপর যৌন নির্যাতন, স্থানীয় অধিবাসীদেরকে সব ধরনের অধিকার থেকে বঞ্চিত রাখা ইত্যাদি।
ফ্রান্সে মানবাধিকার লংঘনের কথা বললে অনেকেই হয়তো বিশ্বাস করতে চাইবেন না। কারণ, দেশটিকে মানবাধিকার রক্ষার আদর্শ বলে মনে করা হয় এবং মানবাধিকার রক্ষার ব্যাপারে প্রথম ঘোষণাটি ঐ দেশে প্রকাশিত হয়েছিলো। তবে বিশ্ব মানবাধিকার ঘোষণায় বাক স্বাধীনতার কথা সুস্পষ্টভাবে বলা হলেও ফরাসী আইনে হোলোকাস্টের সমালোচনা নিষিদ্ধ করা হয়েছে। বিশিষ্ট ফরাসী ইতিহাসবিদ ও গবেষক রজার গারুদি বিভিন্ন ঐতিহাসিক দলিল প্রমাণ উপস্থাপন করে অত্যন্ত বৈজ্ঞানিক উপায়ে হোলোকাস্টের ঘটনাকে অতিরঞ্জিত বলে ব্যাখ্যা করেছেন। সত্য ঘটনাটি তুলে ধরার অপরাধে তাকে জেল খাটতে হয়েছে। এছাড়া ফ্রান্সে ধর্মীয় সংখ্যালঘু মুসলমানদের অধিকার লংঘিত হচ্ছে পদে পদে। ফ্রান্সের মোট জনসংখ্যার শতকরা ১০ ভাগ অর্থাৎ ৬০ লাখ অধিবাসী মুসলমান। অথচ সেকুলারী শাসনব্যবস্থার অজুহাত তুলে মুসলিম মেয়েদের মাথায় স্কার্ফ পরতে দেয়া হচ্ছে না। ফলে হাজার হাজার মুসলিম মেয়ে শিক্ষার আলো থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের ঘটনার পর ফ্রান্সের মুসলমানরা ফরাসী নিরাপত্তা বাহিনীর দ্বারা চরমভাবে লাঞ্ছিত ও অপমানিত হয়েছেন।
Read More ... »

ইমাম আলী (আঃ)

ভেতরের অলংকার সুন্দরতরো বাইরের চেয়ে জ্ঞানের সৌন্দর্য সে তো কখনোই থাকে না লুকিয়েপুরুষের সৌন্দর্য হলো তার ব্যক্তিত্ব আর ভদ্রতায় মানুষের সৌন্দর্যের রহস্য সততা আর সত্যবাদিতায়
পাঠক! উপরোক্ত ক'টি লাইন ইমাম আলী (আঃ) এর কবিতা। তাঁরি শুভ জন্মবার্ষিকী উপলক্ষ্যে আপনাদের সবার প্রতি রইলো আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। পৃথিবীতে যতো মহান মনীষীর জন্ম হয়েছে তাঁদের অন্যতম একজন হলেন ইমাম আলী (আঃ)। তাঁর এই মহত্ব, বিশালত্ব এবং ধী-শক্তি প্রমাণ করে যে ইসলাম প্রজন্মের পর প্রজন্মকে যথার্থ শিক্ষায় শিক্ষিত করে তুলতে সক্ষম। কবিতায় সৌন্দর্যের কথা বলা হয়েছে। অভ্যন্তরীণ এই সৌন্দর্য ছিল তাঁর মধ্যে অফুরন্ত। ছিল চারিত্রিক সৌন্দর্য, ছিল আচার-আচরণ, নীতি-নৈতিকতা এবং সর্বোপরি আধ্যাত্মিক সৌন্দর্য। তাঁরজ্ঞান ও ব্যক্তিত্বের সৌন্দর্য সমাজে সবসময় আলো বিকিরণ করেছে এবং এখনো বিশ্বব্যাপী করে যাচ্ছে। ভবিষ্যতেও যে তা অব্যাহত থাকবে তাতে কোনো সন্দেহ নেই।
এই পৃথিবীতে বহু শক্তির আবির্ভাব ঘটেছে। সমাজে তাদের প্রভাবও পড়েছে। কিন্তু সেইসব শক্তি ইতিবাচক কোনো আদর্শ হিসেবে উপস্থাপিত হয় নি। আবার এমন অনেক ব্যক্তিত্বেরও জন্ম হয়েছে,যাঁদের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। কারণ তাঁরা মানবতার স্বার্থে নিজেদের জ্ঞান ও গুণকে কাজে লাগিয়ে সমাজে যে আলো বিলিয়ে গেছেন সেই আলো আজো অম্লান রয়েছে। মানুষ সেই আলো থেকে আজো অজ্ঞতার আঁধার দূর করছে। তেমনি জ্ঞান ও প্রজ্ঞার আলো বিকিরণকারী অসামান্য একজন ব্যক্তিত্ব ছিলেন হযরত আলী (আঃ)।
তিনিই সত্য , স্বয়ং সত্য যাঁর নিত্য সহগামী পৃথিবীর পবিত্রতম গৃহে জন্ম নিয়ে যিনি অনন্যযাঁর জ্ঞানের দরোজা পেরিয়ে যেতে হয় নগরেরাসূলের জ্ঞান-ধ্যানের পবিত্র আলোয় ধন্য যে নগর জাহেলি পৃথিবীকে দিয়েছে আলোর দিশাশ্বাশ্বত যে আলোয় কেটে গেছে কালের অমানিশা।
খাওয়ারেযমি লিখেছেন, নবী করিম ( সা ) বলেছেন, আমার পরে আমার উম্মতের মধ্যে সবচে বড়ো জ্ঞানী হলেন আলী ইবনে আবি তালিব। জাবের ইবনে আব্দুল্লাহ আনসারীও বর্ণনা করেন,একদিন নবীজী উচ্চস্বরে বললেন,আমি হলাম জ্ঞান ও বিজ্ঞানের শহর আর আলী হলেন সেই শহরের দরোজা। তাই যে-ই জ্ঞান অর্জন করতে ইচ্ছুক সে যেন এই শহরের দরোজার কাছে যায়।
হযরত আলী ( আ ) যে জ্ঞানী ছিলেন তাঁর নাহজুল বালাগা-ই তার প্রমাণ। ব্যক্তিগত এবং সামাজিক জীবনের বিচিত্র সমস্যার নৈয়ায়িক সমাধান যারা চায়, সেইসব ন্যায়-নীতিবান মানুষদের জন্যে নাহজুল বালাগাহ একটি চমৎকার গাইড লাইন।
বিশিষ্ট মুসলিম মনীষী ও দার্শনিক মরহুম আল্লামা মুহাম্মাদ তাকি জাফরি আলী (আঃ) এর ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলোর প্রতি ইঙ্গিত করে বলেন-দয়া এবং ভালোবাসা মানুষের উন্নত স্বাভাবিক গুণ। সকল মানুষের মাঝেই এইসব গুণাবলি লক্ষ্য করা যায়। তবে সাধারণ মানুষের ক্ষেত্রে দেখা যায় ছোটোখাটো ভুলের জন্যেও ঐ ভালোবাসা শত্র"তায় পরিণত হয়। কিন্তু যেসব মানুষ উন্নত নৈতিক গুণাবলি অর্জন করেছেন,তাঁদের ক্ষেত্রে এই ভালোবাসা ব্যক্তিগত প্রবণতা বা ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভর করে না। তাঁরা সত্যের মানদণ্ডের ভিত্তিতে ভারসাম্য রক্ষা করে চলেন। কেননা তাঁদের দৃষ্টিতে স্বভাবত বা সৃষ্টিগতভাবেই মানুষ ভালোবাসার পাত্র। এই বৈশিষ্ট্যটা ইমাম আলী ইবনে আবি তালেব (আঃ) এর সমগ্র জীবনব্যাপী লক্ষ্য করা যাবে। সিফফিনের যুদ্ধে শত্র"রা আলী ( আ ) এর সেনাদের জন্যে পানি সরবরাহ বন্ধ করে দিয়েছিলো যাতে আলী (আঃ) এর সেনারা তৃষ্ণায় মারা যায়।
কিন্তু কিছুক্ষণ পর আলী (আঃ) এর সেনারা ব্যাপক বীর বিক্রমে যুদ্ধ করে শত্র"পক্ষকে পিছু হটতে বাধ্য করে। ফলে ফোরাতের পানির নিয়ন্ত্রণ আলী (আঃ) এর সেনাদের হাতে এসে যায়। ইমামের সঙ্গীরা তখন শত্র"দের মতোই পানি সরবরাহ তাদের জন্যে বন্ধ করে দিতে চাইলো। কিন্তু আলী (আঃ) একাজ থেকে তাঁর সেনাদের বিরত রাখলেন এবং বললেন,"আমি কখনোই এভাবে বিজয় লাভ করতে চাই না। কেননা এই বিজয়ের মধ্যে মুসলমানিত্বের কোনো চিহ্ন নেই।"
একইভাবে ইমাম আলী (আঃ) এর মাথা মুবারকে ইবনে মুলযেম নামায পড়া অবস্থায় তলোয়ার দিয়ে যখন আঘাত হেনেছিল তখনও ইমাম সবকিছুর আগে তাঁর সন্তান ইমাম হাসান (আঃ) কে বলেছিলেন তাঁর হত্যাকারীর ওপর যেন জুলুম নির্যাতন করা না হয়। এটা হলো সেই চারিত্র্যিক সৌন্দর্য , সেই ভালোবাসা,যা মহান মনীষীগণকে উন্নত এবং পূর্ণতাপ্রাপ্তির মর্যাদায় অধিষ্ঠিত করে।হযরত আলী (আঃ) ছিলেন সেই পূর্ণতাপ্রাপ্ত মহান মনীষীদের অন্যতম। প্রশ্ন জাগতেই পারে কী করে তিনি এইসব অসামান্য গুণাবলি অর্জন করেছেন? উত্তরটা খুবই সোজা। কেননা তিনি পরশ পাথরের সংস্পর্শে বেড়ে উঠেছেন,মানুষ হয়েছেন। আল্লাহর শেষ নবী হযরত মুহাম্মাদ (সা) এর ঘরে বড়ো হয়েছেন যেখান থেকে ইসলামের দাওয়াত শুরু হয়েছিল। সারাটি জীবন তিনি নবীজীর সাহচর্যে ছিলেন। তাঁর সাহচর্য পেয়েই আধ্যাত্মিকতার পূর্ণতায় পৌঁছেছেন তিনি।বর্তমান বিশ্বে জোর যার মুল্লুক তার-এরকম অবস্থা বিরাজমান। যিনি শাসক তিনি যেন আইন-কানুনের উর্ধ্বে। তাঁর ব্যাপারে যেন কোনো আইন নেই, বিচার নেই। কে করবে তার বিচার-এরকম একটি অবস্থা। অথচ আলী (আঃ) সুযোগ থাকা সত্ত্বেও কোনোদিন খেলাফতের শক্তি বা ক্ষমতাকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করেন নি। একটি ঘটনার উল্লেখ করে আজকের আলোচনার পরিসমাপ্তি টানবো। হযরত আলী (আঃ) তাঁর খেলাফতকালে একদিন তাঁর বর্মটা হারিয়ে ফেলেছিলেন। যতোই খোঁজাখুঁজি করলেন পেলেন না। কিছু সময় পেরিয়ে গেল। একদিন একটি গলিতে কুফার এক খ্রিষ্টান লোকের হাতে দেখলেন তার ঐ হারানো বর্মটি। লোকটি নিকটবর্তী হতেই তিনি চিনতে পারলেন তাঁর বর্মটি। আলী (আঃ) লোকটিকে তাঁর বর্মটি ফিরিয়ে দিতে বললেন। কিন্তু খ্রিষ্টান লোকটি অস্বীকার করে বললো-এটা তারি বর্ম। ফয়সালার জন্যে দু'জনেই গেলেন শহরের কাজির কাছে।
কাজী আলী (আঃ) কে খলিফা হিসেবে কোনোরকম গুরুত্ব না দিয়ে একজন সাধারণ বাদীর মতোই দেখলেন। বাদী-বিবাদী উভয়কেই নিজ নিজ স্থানে বসতে বললেন এবং ঘটনা কী জানতে চাইলেন। আলী (আঃ) বললেন ওর হাতের ঐ বর্মটা আমার। আমি না বিক্রি করেছি না তাকে দান করেছি। তাকে ফেরত দিতে বললে সে ফেরত দিলো না। পক্ষান্তরে খ্রিষ্টান লোকটিও বললো যে বর্মটা তার। বিচারক এবার ইসলামী আইন অনুযায়ী আলী (আঃ) কে দুইজন স্বাক্ষী আনতে বললেন। আলী (আঃ) বললেন-মেকদাদ এবং আমার ছেলে হাসান স্বাক্ষী দেবে যে ঐ বর্মটা আমার। কাজী বললেন-মেকদাদের সাক্ষ্য গ্রহণযোগ্য কিন্তু হাসানের নয়,কারণ হাসান আপনার সন্তান। ফলে আপনি ঐ বর্মের মালিকানা দাবি করতে পারেন না, বর্মটা তাই খ্রিষ্টান লোকটির।
আলী (আঃ) বিচারকের রায় শোনার পর কোনোরকম অভিযোগ না করে উঠে চলে গেলেন। খ্রিষ্টান লোকটি জানতো যে আলী (আঃ) তার শাসন-ক্ষমতা ব্যবহার করে নিজের অধিকার আদায় করে নিতে পারতেন,কিন্তু তিনি আদালতের শরণাপন্ন হলেন। এ বিষয়টি খ্রিষ্টান লোকটিকে ভীষণভাবে বিস্মিত করে। সে আলী (আঃ) এর পূত-পবিত্রতা এবং সততা দেখে অবিশ্বাস্যরকমভাবে উঠে দাঁড়ালো এবং আলী (আঃ) এর পেছনে ছুটলো। নিজেকে আলীর পায়ে সঁপে দিলো। আলী (আঃ) তাকে ওঠালেন এবং শান্তহতে বললেন। খ্রিষ্টান লোকটি সলজ্জভাবে আলী (আঃ) কে তাঁর বর্মটি ফেরত দিলো এবং সেখানেই ইসলাম গ্রহণ করলো।
Read More ... »

বিদ্রোহ ও সাম্যের কবি নজরুল

শারীরিক সুস্থতার জন্য যেমন খেলাধুলা ও ব্যায়ামের প্রয়োজন, তেমনি মনের সুস্থতার জন্য প্রয়োজন বিনোদন। আর বিনোদনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে গান। তবে সে গান যদি হয় আল্লাহ, রাসূল ও ইসলামী বিভিন্ন উপলক্ষকে কেন্দ্র করে তাহলে তো কথাই নেই। এতে যেমন চিত্ত বিনোদনও হয়, তেমনি ইসলামের প্রতি আগ্রহও সৃষ্টি হয়। বাংলা ভাষায় যেসব গীতিকার ইসলামী গান লিখেছেন, তাদের মধ্যে কবি কাজী নজরুল ইসলামের নাম সবার আগে চলে আসে। ইসলামের এমন কোন গুরুত্বপূর্ণ বিষয় বা পর্ব নেই যা নিয়ে তিনি গান কিংবা কবিতা লিখেননি। তো ইসলামী গান রচনায় নজরুলের অবদান সম্পর্কে আমরা একটি বিশেষ অনুষ্ঠান প্রচার করেছি।
অনুষ্ঠানটি শোনার জন্য এখানে ক্লিক করুন
বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একটি ঐতিহ্যবাহী মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তরুণ বয়সে তিনি মসজিদে মুয়াযযিন ছিলেন এবং ইমামতির দায়িত্বও পালন করেছেন। যে ইসলামী ভাবধারা নিয়ে তিনি জীবনযাত্রা শুরু করেছিলেন, তিনি তা আজীবন লালন করে গেছেন। আল্লাহ প্রেম ও রাসূলের প্রতি ভালবাসা ঠাঁই পেয়েছিল তার মনের গহীনে। তাইতো তিনি তার কবিতা ও গানের মাধ্যমে মানুষকে আল্লাহ-রাসূলের বাণী শুনিয়েছেন এবং কোরআন হাদিসের আলোকে মানবতার গান গেয়েছেন।
আল্লাহর পরিচয় কি, তিনি কাছে না দূরে থাকেন, তাঁকে চেনার উপায় কি এসব বিষয় সম্পর্কে ধারণা দিতে গিয়ে নজরুল বলেছেন, আল্লাহ যদিও ধরাছোঁয়ার বাইরে, তবুকে এই মহান সত্তাকে চেনা যাবে তার সৃষ্টিতে, তাঁকে অনুভব করা যাবে প্রকৃতির প্রতিটি বস্তুতে। তিনি এক স্থানে বা এক বস্তুতে সীমাবদ্ধ নন, বরং আকাশ-জমিনের সর্বত্র তিনি বিরাজমান। সে জন্যই কবি আল্লাহর নির্দিষ্ট কোন নাম খুঁজে পাননি। আল্লাহর ৯৯টি গুনবাচক নাম থাকা সত্ত্বেও তিনি তাঁকে 'অ-নামিকা' নামে সম্বোধন করেছেন। কবি লিখেছেন-
কোন নামে হায় ডাকব তোমায়নাম না জানা অ-নামিকাজলে স্থলে গগন তলেতোমার মধুর নাম যে লিখা।।নজরুল আল্লাহর শ্রেষ্ঠ্যত্বের পাশাপাশি তার সৌন্দর্যও বর্ণনা করেছেন। আল্লাহর সৌন্দর্য সম্পর্কে তিনি বলেছেন,
হে চির-সুন্দর, বিশ্ব চরাচরতোমার মনোহর রূপের ছায়া,রবি শশী তারকায় তোমারই জ্যোতি ভায়রূপে রূপে তব অরূপ কায়া।
তিনি কেবল আল্লাহর সৌন্দর্যই বর্ণনা করেননি, তাঁর উপর ভরসা রাখাও আহবান জানিয়েছেন। লিখেছেন-
ও মন, কারো ভরসা করিসনে তুইএক আল্লাহর ভরসা কর,আল্লাহ যদি সহায় থাকেনভাবনা কিসেব, কিসের ডর।
নজরুল আল্লাহকে খুঁজেছেন সৃষ্টির সব সৌন্দর্যের মাঝে। সৃষ্টির যেখানেই রূপ দেখেছেন, সেখানেই আল্লাহকে স্মরণ করে তাঁরই বন্দনা করেছেন। এক গানে কবি ফুলকে জিজ্ঞেস করেছিলেন যে, হে ফুল ! বলো তো তুমি এ সুগন্ধ কোথায় পেলে ? এই অতুলনীয় রূপ তোমায় কে দিল, যার কারণে তুমি দুনিয়ায় উজ্জ্বল হয়ে উঠেছো। ফুল উত্তরে বলেছিল, আল্লাহ তায়ালাই আমাকে এই রূপ আর সুগন্ধি দান করেছেন। নজরুলের ভাষাতেই শোনা যাক -
ফুলে পুছিনু, বলো বলো ওরে পুল, কোতা পেলি এ সুরভী, রূপ এ অতুল ? -
আগেই বলেছি যে, নজরুলের কবিতা ও গানে আল্লাহ প্রেমের কথা সুন্দরভাবে ফুটে উঠেছে। তার কয়েকটি গানের দিকে নজর দিলেই বিষয়টি স্পষ্ট হয়ে উঠে। তিনি লিখেছেন, ‘আল্লাহ আমার প্রভূ আমার নাহি নাহি ভয়, খোদার প্রেমের শারাব পিয়ে বেহুশ হয়ে রই পড়ে, ‘মাগো আমায় শিখাইলী কেন আল্লাহ্‌ নাম, জপিলে আর হুঁশ থাকে না ভুল সকল কাম'; ‘যে পেয়েছে আল্লাহর নাম সোনার কাঠি, তার কাছে ভাই এই দুনিয়া দুধের বাটি'; ‘আল্লাহ নামের বীজ বুনেছি এবার মনের মাঠে, ফলবে ফসল বেচব তারে কিয়ামতের হাটে।' এসব গান ছাড়াও কবি নজরুল তাঁর গানের মাধ্যমে আল্লাহর কাছে অনেক কিছু চেয়েছেন। এ ধরনের কয়েকটি গান হলো, ‘তওফিক দাও খোদা ইসলামে, মুসলিম জাঁহা পুন হোক আবাদ' ; ‘রোজ হাশরে আল্লাহ আমার করো না বিচার, বিচার চাহি না তোমার দয়া চাহে এ গুনাহগার'; ‘খোদা এই গরীবের শোন শোন মুনাজাত', "আল্লাহর কাছে কখনো চেয়ো না ক্ষুদ্র জিনিস কিছু, আল্লাহ ছাড়া কারো কাছেও কভু শির করিও না নিচু" ইত্যাদি ।
কবি নজরুল আল্লাহর প্রতি শ্রদ্ধা ও প্রেম নিবেদনের পাশাপাশি রাসূলের প্রতি ভালবাসা দেখিয়েছেন। কখনো তিনি তাঁর গানের মাধ্যমে নবীজীর রওযা জিয়ারতের আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, আবার কখনও নবীজী জন্ম, তাঁর জীবন দর্শন, তাঁর শিক্ষা ইত্যাদি বর্ণনা করেছেন। বিষ্ময়ের ব্যাপার হচ্ছে, নবীজীকে নিয়ে তিনি নাত লিখেছেন একশ'র উপরে ! মহানবী প্রশংসা ও গৌরবসূচক এসব গানের জন্য মুসলিম সমাজ কবি নজরুলের কাছে চিরকৃতজ্ঞ থাকবে। নজরুল কয়েকটি নাতে রাসূলের কলি হচ্ছে, "ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এল রে দুনিয়ায়, আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়।""মোহাম্মদ মোস্তফা সাল্লে আলাতুমি বাদশার বাদশাহ, কামলিওয়ালা।"" মোহাম্মদ না জপেছিলি বুলবুলি তুই আগেতাই কি রে তোর কণ্ঠের গান এমন মধুর লাগে।""মোহাম্মদ মোর নয়ন-মনি মোহাম্মদ মোর জপমালাঐ নামে মিটাই পিয়াসা ও নাম কওসরের পিয়ালা।"
কবি নজরুল যে মানুষটিকে নয়নমনি ভেবেছেন তাঁকে নিয়ে যে সুন্দর সুন্দর গান লিখবেন এটাই স্বাভাবিক। সে যাই হোক, নজরুলের লেখা আরো কয়েকটি বিখ্যাত নাতে রাসুল এরকম-নাম মোহাম্মদ বোল রে মন নাম আহমদ বোল, তৌহিদেররই মুর্শিদ আমার মোহাম্মদের নাম, তোমার নামে একি নেশা হে প্রিয় হযরত, এ কোন মধুর শারাব দিলে আল-আরাবী সাকি, মোহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, রসুল নামের ফুল এনেছি রে গাথবি মালা কে ?, ইয়া মোহাম্মদ বেহেশত হতে খোদায় পাওয়ার পথ দেখাও- ইত্যাদি।
কেবল হামদ ও নাত লিখেই নজরুল ক্ষান্ত হননি, তিনি মুসলিম জাতির পরিচয়, তাদের অতীত, মুসলমানদের বিভিন্ন পর্ব ইত্যাদি নিয়ে চমৎকার সব গান লিখেছেন। মুসলমানদের পরিচয় দিতে গিয়ে তিনি লিখেছেন-
ধর্মের পথে শহীন যাহারা আমরা সেই সে জাতিসাম্য মৈত্রী এনেছি আমরা বিশ্বে করেছি জ্ঞাতি।
অন্যদিকে ঈদ, কোরবানী, মহররম, ফাতিহা-ই-দোয়ায-দহম তথা রবিউল আউয়াল নিয়ে প্রচুর ইসলামী গান ও কবিতা লিখেছেন। ঈদ নিয়ে নজরুলের লেখা 'ও মন রমজানের ঐ রোযার শেষে এল খুশীর ঈদ-এ গানটি না শুনলে ঈদের আনন্দই যেন অপূর্ণ থেকে যায়। অন্যদিকে মহররমের চাঁদ এল ঐ কাঁদাতে ফের দুনিয়া, ওয়া হোসেনা ওয়া হোসেনা তারি মাতম শোনা যায়- এ মর্সিয়াটির মাধ্যমে আমরা কারবালায় শোকাবহ ঘটনাকে স্মরণ করি।
মহররমের শোকের পাশাপাশি নবীজীর আবির্ভাবের আনন্দঘন দিনটি অর্থাৎ ১২ই রবিউল আউয়াল সম্পর্কে তিনি লিখেছেন,আসিয়াছেন হাবিবে খোদা, আরশ পাকে তাই ওঠেছে শোর;চাঁদ পিয়াসে ছুটে আসে আকাশ পানে যেমন চকোর।অথবাইসলামের ঐ সওদা লয়ে এলো নবীন সওদাগরবদনসীন আয়, আয় গুনাহগার নতুন করে সওদা কর। অথবাত্রিভূবনের প্রিয় মোহাম্মদ এল রে দুনিয়ায়আয়রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়।
১২ রবিউল আউয়াল, মহরররম ছাড়াও কবি নজরুল নামায, রোযা, হজ্ব, যাকাত ইত্যাদি বিষয়েও গান ও কবিতা লিখেছেন। তাঁর লেখা থেকে বাদ পড়েননি ইসলামের বিশিষ্ট সাহাবী ও ইসলামী আন্দোলনের যোদ্ধারাও। নজরুলের কাব্য ও গানে ইসলামের বিভিন্ন দিক চমৎকারভাবে ফুটে ওঠেছে বলেই তিনি আজও মুসলিম সমাজে এত জনপ্রিয়। বাঙালী মুসলমানদের মধ্যে নজরুলই একমাত্র সফল লেখক যিনি তার কলমের মাধ্যমে মুসলিম জাহানের সোনালী অতীত ফিরে পেতে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন। তিনি লিখেছেন- ‘তওফিক দাও খোদা ইসলামে, মুসলিম জাঁহা পুন হোক আবাদ' ।
কবি নজরুলের ইসলামী গানের বিশাল ভান্ডার থেকে কয়েকটি গান নিয়ে আলোচনা করা হলো। আপনারা সুযোগ পেলে তাঁর লেখা ইসলামী গানগুলো শোনার চেষ্টা করবেন -কেমন !
Read More ... »

হযরত খাদিজা (সাঃ আঃ) : ইসলাম গ্রহণকারী প্রথম নারী

দশই রমজান ইসলাম গ্রহণকারী প্রথম নারী ও সর্বশেষ্ঠ নবীর প্রিয়তম সহধর্মিনী হযরত খাদিজা (সাঃ আঃ)-র মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে আমরা হযরত খাদিজা (সাঃ আঃ)-র জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করব।
মক্কাবাসীর কাছে 'তাহিরা' বা 'পবিত্র' নামে খ্যাত খাদিজা (সাঃ আঃ)-র ইন্তেকালের পর রাসূল (সাঃ) আরও একা হয়ে পড়েন। কারণ এর কিছু দিন আগে রাসূল তার প্রিয় চাচা আবু তালিবকে হারান। দুই প্রিয় মানুষকে হারিয়ে রাসূল(সাঃ) এত বেশী শোকাচ্ছন্ন হয়ে পড়েছিলেন যে, ঐ বছরকে তিনি 'শোক বর্ষ' হিসেবে অভিহিত করেছিলেন। খাজিদা(সাঃআঃ)-র ইন্তেকালের পর রাসূল (সাঃ) ভীষণ কেদেছেন। তিনি কেঁদে কেঁদে বলেছেন, "খাদিজা তুলনাহীন। সবাই যখন আমাকে প্রত্যাখ্যান করেছে, সে সময় আমি তার সর্বাত্বক সমর্থন পেয়েছি, পেয়েছি সার্বিক সহযোগিতা। ইসলাম প্রচার ও প্রসারে খাদিজা তার অর্থ-সম্পদ দিয়ে আমাকে সহযোগিতা করেছে।
আরবের কোরাইশ বংশের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন হযরত খাদিজা (সাঃ আঃ)। কিন্তু তার পরও খাদিজা (সাঃ আঃ) অত্যন্ত সাধারণ জীবন-যাপন করতেন। তিনি জন্মের পর থেকেই একত্ববাদী ছিলেন। ইসলাম আবির্ভাবের আগে তিনি ইব্রাহিম (আঃ)-র ধর্মে বিশ্বাস করতেন। তৎকালীন সমাজে সৎকর্ম ও দানশীলতার ক্ষেত্রে হযরত খাদিজার সমকক্ষ কেউ ছিলেন না। তিনি ছিলেন হিজাজের অন্যতম বড় ব্যবসায়ী। বিজ্ঞ ও সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গীর অধিকারী খাদিজা (সাঃ আঃ)-র আধ্যাত্মিকতার প্রতি ব্যপক ঝোঁক ছিল। খাদিজা (সাঃ আঃ) সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সাঃ)এর আবির্ভাবের অপেক্ষায় ছিলেন এবং তিনি আরবের সচেতন ও শিক্ষিত প্রবীণদের কাছে শেষ নবীর নিদর্শন সম্পর্কে মাঝেমধ্যেই জিজ্ঞাসাবাদ করতেন। কিন্তু কি সৌভাগ্য নবুয়্যতপ্রাপ্তির আগেই রাসূলের সাথে পরিচয় ঘটল হযরত খাদিজার। তিনি হযরত মুহাম্মদ (সাঃ)-কে নিজের ব্যবসায়িক কাজ সম্পাদনের উদ্দেশ্যে সিরিয়ায় পাঠালেন। এরপরই বিবি খাদিজার কাছে রাসূলের সৎ গুণাবলীগুলো আরও স্পষ্ট হয়ে উঠলো। খাদিজা (সাঃআঃ) বুঝতে পারলেন, সমাজের অতুলনীয় ও পবিত্রতম পুরুষ হচ্ছেন মুহাম্মদ (সাঃ)।
হযরত খাদিজা আরও বুঝতে পারলেন, হযরত মুহাম্মদ (সাঃ) মানবিক গুণাবলীতে অনন্য এবং তিনি বঞ্চিতদের অধিকার প্রতিষ্ঠা চান। রাসূলের এসব গুণাবলী হযরত খাদিজাকে আকৃষ্ট করে। এরপরই তিনি রাসূলকে উদ্দেশ্য করে বলেন, তোমার আমানতদারি, সচ্চরিত্র, সত্যবাদিতা, ভদ্রতা ও মর্যাদা আমাকে তোমার প্রতি আকৃষ্ট করেছে। এরপরই তিনি রাসূলের কাছে বিয়ের প্রস্তাব পাঠান এবং দু'জনের মধ্যে দাম্পত্য জীবন শুরু হয়।
বিবি খাদিজা জানতেন যে, রাসূলের সাথে বিয়ে হলে তিনি তাকে ঐশী পথে পরিচালিত করবেন। তবে খাদিজা (সাঃ আঃ)-র বিয়েকে তৎকালীন সমাজ স্বাভাবিকভাবে নেয়নি। তৎকালীন অন্ধকার যুগে সামাজিক সম্পর্কের মাপকাঠি ছিল অর্থ-সম্পদ। এ কারণেই খাদিজা (সাঃ আঃ) সম্পদহীন রাসূল (সাঃ)-কে বিয়ে করায় অনেকেই তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করেছে। কুরাইশ বংশের এক দল অহংকারী ও নিন্দুক মহিলা খাদিজা (সাঃ আঃ) কটাক্ষ করে বলতো, তোমার এতো আভিজাত্য ও সম্পদের অধিকারী হবার পরও কেন দরিদ্র এক যুবককে বিয়ে করলে?
খাদিজা (সাঃ আঃ) এর জবাবে বলেছিলেন, "এই সমাজে মুহাম্মদ (সাঃ)-র মতো আর কেউ কি আছে? তার মতো সচ্চরিত্রবান ও মর্যাদাবান দ্বিতীয় কোন ব্যক্তিকে কি তোমরা চেন? আমি তার সৎ গুণাবলীর কারণেতাকে বিয়ে করেছি।" কিন্তু সেই সমাজের গোড়া ও মুর্খ মানুষের কাছে বিবি খাদিজার যুক্তি বোধগম্য ছিলো না। এ কারণে হিজাজের জেদি মহিলারা হযরত খাদিজার সাথে শত্রুর মতো আচরণ করেছে। হযরত মুহাম্মদ (সাঃ)-র নবুয়্যত প্রাপ্তির পর ঐসব মহিলার বিদ্বেষ আরও বেড়ে যায় এবং এই বিদ্বেষের মাত্রা এত বেশি ছিল যে, খাদিজা (সাঃ আঃ)-কে তারা তার সন্তান প্রসবের সময় বিন্দু পরিমাণ সহযোগিতাও করেনি। সবমিলিয়ে হযরত খাদিজা(সাঃআঃ) ঐ সমাজে একা হয়ে পড়েছিলেন। তৎকালীন সমাজের নারীরা তাকে সহযোগিতা না করলেও আল্লাহ তার সহযোগিতায় পৃথিবীর সবচেয়ে সম্মানিত মহিলাদেরকে পাঠিয়েছিলেন।
বিপুল সম্পদের মালিক এবং সমাজে ব্যাপক প্রভাবশালী হবার পরও রাসূলের সাথে খাদিজা (সাঃ আঃ)-র ব্যবহার ছিল অত্যন্ত ভারসাম্যপূর্ণ। তার আচার-ব্যবহারে অহমিকার লেশ মাত্র ছিল না। আল্লাহর ইবাদত-বন্দেগীর প্রতি রাসূলের ব্যাপক আগ্রহের বিষয়ে তিনি ভালো ভাবে অবহিত ছিলেন। একারণে বিবি খাদিজা তার সাথে এমন ভাবে আচরন করতেন যে, রাসূলের ইবাদত-বন্দেগীতে কোন ব্যাঘাত না ঘটে। নবুয়্যত লাভের আগে রাসূল (সাঃ) প্রতিমাসে কয়েক বার করে নূর পাহাড়ের চূড়ায় হেরা গুহায় যেতেন। আর মহিয়সী নারী বিবি খাদিজা হাসি মুখে রাসূলকে বিদায় জানাতেন। হযরত আলী (আঃ)-কে দিয়ে তিনি গুহায় নিয়মিত খাবার পাঠাতেন। কখনো কখনো তিনি নিজেও আলী (আঃ)-র সাথে হেরা গুহায় যেতেন। নবুয়্যত লাভের পর রাসূলের অনেক আত্মীয়-স্বজন তাকে প্রত্যাখ্যান করলেও বিবি খাদিজা, রাসূল (সাঃ)-কে সর্বাত্মক সহযোগিতা দিয়েছেন। হযরত খাদিজা (সাঃ আঃ) বিনা বাক্যে ইসলাম গ্রহণ করেন। তিনি শুধু মুখে ঈমান আনেননি সমগ্র অস্তিত্ব দিয়ে ইসলাম প্রতিষ্ঠার কাজে নিয়োজিত হন। তিনি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তার সকল সম্পদ রাসূলকে উপহার দিয়েছিলেন। শোয়াবে আবু তালিব নামক উপত্যকায় মুসলমানরা যখন বিচ্ছিন্ন ও অবরোধের শিকার হয়েছিল, তখন বিবি খাদিজার আর্থিক সহযোগিতা মুসলমানদের টিকে থাকতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে। অর্থনৈতিক সংকট দূর হবার পরও হযরত খাদিজার সহযোগিতা মুসলমানদের পথ চলতে সহযোগিতা করেছে।
খাদিজা (সাঃ আঃ) ছিলেন অত্যন্ত ধৈয্যশীল ও সহিষ্ণু। মানব মুক্তির দূত সর্বশেষ নবী রাসূল (সাঃ)-র প্রতি তার পূর্ণ আস্থা ও বিশ্বাস ছিল। এ কারণে নবুয়্যত প্রাপ্তির আগে ও পরে রাসূলের মর্যাদা অক্ষুন্ন রাখতে তিনি সর্বদায় সচেষ্ট ছিলেন। কোন কারণে রাসূল (সাঃ)-র মন খারাপ থাকলে তিনি পরিস্থিতি স্বাভাবিক করার উদ্যোগ নিতেন। রাসূলের সকল কাজে তিনি পরামর্শ দিয়েছেন। বলতে গেলে হযরত খাদিজা ছিলেন, রাসূলের এক যোগ্য উপদেষ্টা। মুসলিম ইতিহাসবিদ ইবনে হেশাম লিখেছেন, হযরত খাদিজা রাসূলের প্রতি ঈমান আনেন। রাসূলের বক্তব্যকে সমর্থন করেন এবং তাকে সর্বাত্বক সহযোগিতা দেন। আল্লাহতায়ালা হযরত খাদিজার মাধ্যমে রাসূলকে প্রশান্তি দিতেন। রাসূলের কানে কখনোই দু:সংবাদ পৌছানো হতো না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ খাদিজার মাধ্যমে ঐ খবর শ্রবনের উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতেন।
ইতিহাসে এসেছে মক্কার মুশরিকরা একদিন পাথর নিক্ষেপ করে রাসূলকে আহত করে এবং তারা পেছনে পেছনে হযরত খাদিজার বাড়ী পর্যন্ত আসে। এর পর খাদিজা (সাঃ আঃ)-র ঘরেও পাথর নিক্ষেপ করে। এ সময় খাদিজা (সাঃ আঃ) ঘর থেকে বেরিয়ে মুশরিকদের উদ্দেশ্য করে বলেন, "লজ্জা করেনা তোমরা তোমাদের বংশের সবচেয়ে মহানুভব মহিলার ঘরে পাথর নিক্ষেপ করছো? এ কথা শুনে মুশরিকরা লজ্জিত হয়ে চলে যায়। এরপর বিবি খাদিজা রাসূলের জখমের চিকিৎসা করেন। এ সময় রাসূল (সাঃ) আল্লাহর পক্ষ থেকে হযরত খাদিজার প্রতি সালাম পৌছান এবং আল্লাহর পক্ষ থেকে তাকে বিশেষ পুরস্কারে ভূষিত করার সুসংবাদ দেন। হযরত খাদিজা (সাঃ আঃ)-কে বেহেশতের মধ্যে কারুকার্যখচিত একটি বিরাট অট্রালিকা দেয়া হবে বলে আল্লাহতায়ালা জানিয়ে দেন, যেখানে কোন দুঃখ-কষ্টের অস্তিত্ব থাকবে না ।
আসলে মুসলমানদের উপর অবরোধ আরোপিত হবার পর হযরত খাদিজা (সাঃ আঃ) অনেক কষ্ট সহ্য করেছেন। এ সময় সম্পদ ও আভিজাত্যের মধ্যে বেড়ে উঠা বিবি খাদিজা দীর্ঘ দিন ধরে শুষ্ক এক উপত্যকায় কষ্টের মধ্যে জীবনযাপন করেছেন। ইসলামের জন্য তার অঢেল সম্পদ বিলিয়ে দিয়েছিলেন। ঐ উপত্যকায় কষ্টের মধ্যে জীবনযাপন করার কারণে হযরত খাদিজার স্বাস্থ্য ভেঙ্গে পড়ে। তিনি মারাত্বক অসুস্থ হয়ে পড়েন। এর ফলেই তার মৃত্যু ত্বরান্বিত হয়।
হযরত খাদিজা (সাঃআঃ) মৃত্যুশয্যায় সর্বশেষ যে কথাটি রাসূল (সাঃ)কে উদ্দেশ্য করে বলেছিলেন তা হলো, "হে রাসূল আমি আপনার সব অধিকার পরিপূর্ণ ভাবে রক্ষা করতে পারিনি, আমাকে ক্ষমা করে দিন।" আল্লাহর রাসূল ও ইসলামের জন্য এত ত্যাগ-তিতিক্ষার পরও যেন তার মনে ভরেনি। তিনি ইসলাম ও রাসূলের জন্য আরও কষ্ট করতে প্রস্তুত ছিলেন। কিন্তু মানুষের আয়ু তো নির্দিষ্ট। কাজেই রাসূলকে ছেড়ে তার চলে যেতেই হয়েছে। ইসলামের এই মহীয়সী নারী ৬১৭ খ্রিস্টাব্দের ১০ই রমজান ৬৫ বছর বয়সে ইন্তেকাল করেন।
Read More ... »